ত্রিপোলি, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরে পালিয়ে যাওয়া গাদ্দাফিপন্থিদের হস্তান্তর না করায় দেশটির সেনা পরিষদের প্রধানকে এক হাত দেখে নিলেন লিবিয়ার অন্তর্বর্তী সরকারপন্থি বিক্ষোভকারীরা। আর এ ঘটনা ঘটে সোমবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির এক হোটেলে।
ওই হোটেলে লিবীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন মিসরের সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হোসেন তানতাবি। দু’পক্ষের বৈঠকের এক পর্যায়ে বিক্ষোভকারীরা জোর করে হোটেলে প্রবেশ করে।
তানতাবি মধ্যপ্রাচ্যের ‘আরব বসন্ত’ হিসেবে পরিচিতি পাওয়া গণঅভ্যুত্থানকে গুরুত্ব দিচ্ছেন না বলে নিজ দেশেও অভিযোগ রয়েছে। গত বছর এই আন্দোলনে মিসরের সাবেক এক নায়ক হোসনি মুবারক ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতন হয়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির কোরিনথিয়া হোটেলের লবি দিয়ে তানতাবি হেটে যাওয়ার সময় বিক্ষোভকারীরা মিসরে আশ্রিত গাদ্দাফি সরকারের পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেরত চায়।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আশুর বিন খায়াল বিক্ষোভকারীদের চলে যেতে বলেন। এ সময় এক বিক্ষোভকারী বলেন, “স্বাধীনতার জন্য ৫০ হাজার লিবীয় প্রাণ দিয়েছেন।”
লিবিয়ার নাগরিক সমাজের এই বিক্ষোভকারীরা জানান, ২০১১ সালের অগাস্টে গাদ্দাফি শাসনের অবসান হওয়ার পর বেশ কয়েকজন লেফটেন্যান্ট মিসরে আশ্রয় নিয়েছে। লিবিয়ায় বিচার করার জন্য তাদের ফেরত দেয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।
এদিকে লিবিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আব্দুর রহিম আল-কিব জানান তানতাবির সঙ্গে বৈঠকে গাদ্দাফিপন্থিদের কথা বলেছেন তিনি।
কায়রো গাদ্দাফিপন্থিদের হস্তান্তরের প্রতিশ্র“তি দিয়েছে কিনা প্রশ্নের জবাবে কিব বলেন, “এর জন্য সময় লাগবে। তবে আমরা বিষয়টি সন্দেহাতীতভাবে স্পষ্ট করেই উপস্থাপন করেছি। আমরা এ বিষয়ে খুবই আন্তরিক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২১ ঘ.
bdnews24