২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির জাহাজ দুর্ঘটনা: উদ্ধার অভিযান চলছে

ইতালি পশ্চিম ঊপকূলের কাছাকাছি শুক্রবার রাতে দুর্ঘটনায় আংশিক ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ যাত্রীদের খোঁজে সোমবারেও অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ১৪ জনের হদিস এখনো পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

গিগলিও, ইতালি, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালি পশ্চিম ঊপকূলের কাছাকাছি শুক্রবার রাতে দুর্ঘটনায় আংশিক ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ যাত্রীদের খোঁজে সোমবারেও অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ১৪ জনের হদিস এখনো পাওয়া যায়নি। ঊপকূলের কাছাকাছি একটি পাথরের সঙ্গে সংঘর্ষে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসময় জাহাজের যাত্রীদের রাতের খাবার পরিবেশন করা হচ্ছিলো। এ পর্যন্ত অন্তত ছয় জন নিহত ও ৬০ জনের বেশি মানুষ আহত হওয়ার কথা জানা গেছে। গত শনিবার জাহাজটির ক্যাপ্টেন ফ্রানসেস্কো শেত্তিনোকে গ্রেপ্তার করা হয়। জাহাজের ৪ হাজার ২০০ জনের বেশি যাত্রী ও কর্মী নিরাপদ স্থানে সরে যাওয়ার আগেই জাহাজ ছেড়ে যাওয়ার অভিযোগে এ গ্রেপ্তার। রোববার ১ লাখ ১৪ হাজার ৫০০ টন ওজনের এ জাহাজটি থেকে দক্ষিণ কোরীয় দম্পতি ও এক কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া, লাইফ জ্যাকেট পরা অবস্থায় দুই প্রবীণের লাশ উদ্ধার করে ডুবুরিরা। ইতালির গণমাধ্যমগুলো বলছে, এক শিশুসহ ১১ যাত্রী ও ছয় কর্মী এখনো নিখোঁজ রয়েছে। ফ্রানসেস্কো শেত্তিনোকে নিয়োগকারী প্রতিষ্ঠান কোস্তা ক্রোসিয়ের রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সেত্তিনো তার ‘হিসাবে বড়ো ধরনের ভুল করায়’ জাহাজটি ঊপকূলের খুব কাছাকাছি চলে আসে এবং একটি পাথরের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজটির কাঠামোতে বড় ধরনের ফুটো হয়ে যায়। ২৯০ মিটার লম্বা এ জাহাজটি একদিকে হেলে গিয়ে প্রায় অর্ধেক নিমজ্জিত হয়ে ইতালির তাসকান ঊপকূলের ছোট বন্দর দ্বীপ গিগলিও’র কাছেই। জাহাজের উদ্ধার পাওয়া যাত্রীরা বলছে, যাত্রীদের জাহাজ থেকে সরিয়ে নেওয়ার তৎপরতায় অজ্ঞাত কারণে দেরি করে কর্তৃপক্ষ। এর ফলে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। অনেকে সমুদ্রের বরফ ঠাণ্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ে বিশ্বখ্যাত চলচ্চিত্র ’টাইটানিক’র দৃশ্যের মতোই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৫৩ঘ.