ইসলামাবাদ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিকে ব্যাখ্যা দেবেন না জানিয়ে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, তিনি কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করবেন না।
এতে ১৯৪৭ সালে স্বাধীনতার পর বেশিরভাগ সময় সেনা শাসনে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে সরকার ও সেনাবাহিনীর মধ্যকার চলমান উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সেনাপ্রধান কায়ানি শনিবার প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির সঙ্গে সাক্ষাতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার বা তার ব্যাখ্যা দাবি করেন।
রোববার প্রধানমন্ত্রী গিলানি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদিহি করবেন। আমি কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করবো না।”
স¤প্রতি একটি গোপন বার্তা নিয়ে সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়ায় সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশার সমালোচনা করেন গিলানি।
গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে ওয়াশিংটনে ওই বার্তা পাঠানো হয়। তাতে কারো নাম বা স্বাক্ষর না থাকলেও বার্তাটি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়। ওই বার্তা নিয়ে আদালতে যান সেনা ও গোয়েন্দা প্রধান।
গত সপ্তাহে চীনের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানের এই পদক্ষেপ ‘অসাংবিধানিক’।
এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে গিলানিকে ভর্ৎসনা করা হয়। এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী।
তখন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তার চেয়ে গুরুতর কোনো অভিযোগ হতে পারে না। এর প্রভাব সুদূরপ্রসারী এবং এ ধরনের মন্তব্য দেশকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে।”
এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাঈম খালিদ লোদিকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী গিলানি।
শনিবার পাকিস্তানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, “প্রধানমন্ত্রীর বিবৃতির বিষয়ে প্রেসিডেন্টের কাছে অভিযোগ করেছেন সেনাপ্রধান। অভিযোগে তিনি প্রধানমন্ত্রীর ওই বিবৃতির ব্যাখ্যা চেয়েছেন অথবা তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০১৮ ঘ.
bdnews24