মুলতান, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে শিয়া মতাবলম্বীদের ধর্মীয় শোভাযাত্রায় বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।
রোববার পাকিস্তানের মধ্যাঞ্চলীয় শহর খানপুরে এ হামলায় ৩০ জন আহত হয়। শিয়া মতাবলম্বীদের অন্যতম শীর্ষ পবিত্র দিন আরবাইন বা চেহলাম পালনের উদ্দেশ্যে শোভাযাত্রায় এ হামলা হয়।
বৈদ্যুতিক গোলযোগের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করলেও পরবর্তীতে তারা এটিকে বোমা হামলা বলেছে।
পাকিস্তানে সংখ্যালঘু শিয়া মতাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রায়ই জঙ্গি হামলা হয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ শিয়া।
খানপুরের পুলিশ প্রধান সোহাইল কাথা রয়টার্সকে বলেন, বৈদ্যুতিক খুঁটির কাছে একটি রিমোট নিয়ন্ত্রিত বোমা পেতে রাখা হয়। শোভাযাত্রা সে স্থানের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৮৪৯ ঘ.
bdnews24