২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইশ রাজবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার

সাধারণ ক্ষমার আওতায় আরো প্রায় দুইশ রাজবন্দীকে শুক্রবার মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। এর কয়েকঘন্টার মধ্যেই মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ইয়াঙ্গুন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাধারণ ক্ষমার আওতায় আরো প্রায় দুইশ রাজবন্দীকে শুক্রবার মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। এর কয়েকঘন্টার মধ্যেই মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কারাবন্দি গণতান্ত্রিক নেতা ও আদিবাসী নেতারা রয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রিয় টেলিভিশন এক ঘোষণায় বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় ৬৫১ জন বন্দিকে মুক্তির দেবে সরকার। তবে এদের মধ্যে কতোজন রাজবন্দি তা জানা যায়নি। রাজবন্দি হিসেবে কাউকে স্বীকৃতি দেয় না মিয়ানমার সরকার,তারা সব বন্দিকেই অপরাধের জন্য শাস্তিপ্রাপ্ত হিসেবে বিবেচনা করে। মিয়ানমারে রাজবন্দি পর্যবেক্ষণকারী সংস্থা ‘দ্য এ্যাসিসটেন্স অ্যাসোসিয়েটস ফর পলিটিক্যাল প্রিজনারস’ জানিয়েছে, শুক্রবার মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তত ২শ জন রাজবন্দি রয়েছেন। এদের মধ্যে ১৯৮৮ সালে গণতান্ত্রিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া “৮৮ জেনারেশন স্টুডেন্ট গ্র“প” এর মিন কো নাইয়েঙ ও অন্যান্য নেতারা রয়েছেন। সামরিক জান্তার দমন-পীড়নে ওই গণঅভ্যুত্থানে কয়েক হাজার আন্দোলনকারী নিহত হয়েছিলো। ২০০৭ সালের ‘সড়ক বিক্ষোভে’ নেতৃত্ব দেওয়া ৬৮ বছর কারাবাসের সাজাপ্রাপ্ত বৌদ্ধভিক্ষু শিন গাম্ভিরাও মুক্তি পেয়েছেন। এছাড়া, গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন এক সময়ের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা প্রধান খিন নাইউন্ট। ২০০৩ সালে তাকে মিয়ানমারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে অজ্ঞাত কারণে গৃহবন্দি করে রাখা হয়। এদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, দুই দশক পর মিয়ানমারে মার্কিন দূতাবাসে একজন রাষ্ট্রদূত পাঠাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। আর মিয়ানমার সরকার রাজনৈতিক সংস্কার অব্যহত রাখলে সম্পর্কোন্নয়নে আরো কি কি করা যায় তা বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ১৯৯০ সালের নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমক্র্যাসি (এনএলডি)’র বিজয় মিয়ানমারের সামরিক জান্তা মেনে না নিলে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর প্রায় পুরো নব্বই দশক জুড়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো মিয়ানমারের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এরমধ্যে অস্ত্র নিষেধাজ্ঞা, সামরিক জান্তার প্রাধান নেতাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্ধ ও বিনিয়োগ নিষেধাজ্ঞাও রয়েছে। মিয়ানমারে রাজবন্দিদের মুক্তি দেওয়ার পদক্ষেপ একটি ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও মিয়ানমারের বন্দিমুক্তিকে স্বাগত জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩১৩ ঘ.