২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দুবাইয়ে জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সেনাবাহিনীর সঙ্গে উদ্বেগজনক সম্পর্কের মধ্যে বৃহস্পতিবার এক দিনের সফরে আবার দুবাই গেছেন। ক্ষমতাসীন পিপলস পার্টির এক সদস্য একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ইসলামাবাদ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সেনাবাহিনীর সঙ্গে উদ্বেগজনক সম্পর্কের মধ্যে বৃহস্পতিবার এক দিনের সফরে আবার দুবাই গেছেন। ক্ষমতাসীন পিপলস পার্টির এক সদস্য একথা জানান। সেনাবাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে স্মারকলিপি পাঠানো নিয়ে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছানোর এ মুহূর্তে বিদেশে গেলেন জারদারি। এ উত্তেজনার ফলে পাকিস্তান আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুবাই সফর সম্পর্কে জারদারির এক সহযোগী জানান, “চিকিৎসা পরবর্তী ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্যই তিনি দুবাই গেছেন। তিনি শিগগিরই দেশে ফিরবেন।” এর আগে গত মাসে চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন তিনি। এবার মেডিক্যাল চেকআপের জন্য জারদারির আবার দুবাই যাওয়ার কথা জানা গেলেও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র এক সদস্য জানিয়েছেন, দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেছেন জারদারি। তবে তার এ দুবাইযাত্রার কোনো কারণই তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গত বছর ডিসেম্বরে জারদারি দুবাইয়ে চিকিৎসার জন্য গেলে সেনাবাহিনী পাকিস্তানের ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বলে গুজব রটে। বেশ কয়েক সপ্তাহ পরে দেশে ফিরে যান জারদারি। ২০১১ সালের অক্টোবরে সামরিক বাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা বিষয়ে ওয়াশিংটনের কাছে একটি অস্বাক্ষরিত স্মারক লিপি পাঠানো হয়। ওই স্মারকলিপি নিয়ে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। স্মারকলিপিটি তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। কমিশনের তদন্তে স্মারকলিপির সঙ্গে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কোনো সংশ্লিষ্টতা প্রমাণ হলে তিনি অভিসংশনের মুখোমুখি হতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৫ঘ.