২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়ানি-পাশার পদক্ষেপ অসাংবিধানিক ও অবৈধ : গিলানি

‘স্মারকলিপি’ বিষয়ে সর্বোচ্চ আদালতের কাছে তদন্তের আবেদন করে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আশফাক পারভেজ কায়ানি ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আহামেদ সুজা পাশা অসাংবিধানিক ও অবৈধ কাজ করেছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘স্মারকলিপি’ বিষয়ে সর্বোচ্চ আদালতের কাছে তদন্তের আবেদন করে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আশফাক পারভেজ কায়ানি ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আহামেদ সুজা পাশা অসাংবিধানিক ও অবৈধ কাজ করেছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সোমবার পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) প্রকাশিত এক সাক্ষাৎকারে গিলানি একথা বলেন বলে দ্য ডন জানিয়েছে। চীনের পিপলস ডেইলি অনলাইন গিলানির ওই সাক্ষাৎকারটি গ্রহণ করে। সাক্ষাৎকারে গিলানি বলেন, সেনাপ্রধান ও আইএসআই প্রধান রাষ্ট্রীয় বিধিবিধান অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আদালতের দারস্থ হয়েছেন। “তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষামন্ত্রীর কোনো অনুমতি নেয়নি,” বলেন গিলানি। প্রধানমন্ত্রীর দপ্তরের গণসংযোগ বিভাগ থেকে গিলানির এ বক্তব্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকার এপিপিতে প্রকাশিত হওয়ার পরপরই বিশ্বের প্রধান অনলাইন পত্রিকাগুলো ও সার্চ ইঞ্জিনগুলো এটি লুফে নেয়। অনেকে প্রকাশিত এ সাক্ষাৎকারকে পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে চলমান উত্তেজনার প্রত্যক্ষ প্রমাণ হিসেবে দেখছে। তবে, বিশ্লেষকদের মতে ‘স্মারকলিপি’ কেলেঙ্কারি তদন্তে সর্বোচ্চ আদালত এর মধ্যেই তিন সদস্যসের একটি কমিশন নিয়োগ দিয়েছে। এ সময় প্রধানমন্ত্রী গিলানির এ বক্তব্য সময়োচিত নয়। আরো আগেই এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা দরকার ছিলো বলে তারা মনে করেন। ‘স্মারকলিপি’ কেলেঙ্কারীর ঘটনা শুরু হয় মার্কিন কমান্ডো বাহিনীর হাতে পাকিস্তানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর। পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রের তৎকালীন সেনাপ্রধান অ্যাডমিরাল মাইক মুলেনের কাছে তৎকালীন রাষ্ট্রদূত হুসেন হাক্কানির মাধ্যমে একটি ‘স্মারকলিপি’ পাঠান। তাতে পাকিস্তান সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করা হয়। গোপন ওই ‘স্মারকলিপি’ বা মেমোর বক্তব্য ফাঁস হয়ে গেলে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩১ ঘ.