লাগোস, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্বালানি খাতে ভর্তুকি তুলে দেওয়ার বিরুদ্ধে সোমবার বিক্ষোভ-ধর্মঘটে উত্তাল হয়ে উঠেছে নাইজেরিয়া। আন্দোলন দমনে পুলিশের চালানো গুলিতে নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে ২০ জন।
অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এ ধর্মঘটের প্রথম দিনেই বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, অফিস-আদালত, দোকান-পাট এবং দেশজুড়ে পেট্রোল স্টেশনগুলো।
ভর্তুকি না থাকার কারণে জ্বালানির দাম দ্বিগুণ হয়ে যাওয়ার প্রতিবাদেই হাজার হাজহার মানুষ লাগোসসহ অন্যান্য শহরগুলোর রাস্তায় প্রতিবাদে নামে।
রেডক্রস জানিয়েছে, উত্তরাঞ্চরীয় শহর কানোতে বিক্ষোভ দমনে পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছে ও কাঁদানে গ্যাস ছুড়েছে।
ওদিকে, ওগবা এলাকায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৭ জন পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। আর সে সময় পুলিশ প্রধান জনতার ওপর গুলি চালালে একজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত অন্যান্যদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের বক্তব্য, ভর্তুকি অর্থনৈতিক দিক থেকে টেকসই পদক্ষেপ নয়। কিন্তু ভর্তুকি তুলে দেওয়া অন্যায় বলে এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে হাজার হাজার মানুষ।
নাইজেরিয়ার জ্বালানি তদারককারি প্রতিষ্ঠান ১ জানুয়ারি থেকে ভর্তুকি বন্ধের ঘোষণা দিয়েছে। সরকারের ব্যয়সঙ্কোচন পদক্ষেপের অংশ হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকির কারণে ধনী ও মধ্যবিত্ত শ্রেনীর জ্বালানি ট্যাংকই শুধু ভরছে। কিন্তু ভর্তুকি তুলে দেওয়ার কারণে ইতোধ্যেই এক লিটার পেট্রোলের দাম ৬৫ নায়রা থেকে বেড়ে হয়েছে প্রায় ১৫০ নায়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.
bdnews24