২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের সমর্থন চান মুশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ রাজনীতিতে ফিরতে সৌদি আরবের সমর্থন চান। এ লক্ষ্যে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

দুবাই, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ রাজনীতিতে ফিরতে সৌদি আরবের সমর্থন চান। এ লক্ষ্যে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন তিনি। সৌদি আরব ও পাকিস্তানের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রোববার রয়টার্সকে একথা জানায়। ২০০৮ সালে পদত্যাগ করার পর থেকে বিদেশে অবস্থান করছেন মুশাররফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কা থাকলেও ২০১৩ সালে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের অংশ নেয়ার জন্য চলতি বছর দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। পারভেজ মুশাররফের সফর সম্পর্কে সৌদি আরবের একটি সূত্র বলেছে, “পাকিস্তানে ফেরার আগে মুশাররফ সমর্থন লাভের জন্য সৌদি আরব সফর করবেন । পাকিস্তানি একটি সূত্রও মুশাররফের সৌদি আরব সফরের পরিকল্পনা নিশ্চিত করেছে। বর্তমানে দুবাইয়ে বাস করছেন পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট। মুশাররফ সৌদি আরব থেকে কি ধরনের সমর্থন আশা করছেন সে সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে সূত্রগুলো। পাকিস্তানে গেলে তাকে আটক করা হবে না-- সম্ভবত সৌদি আরবের কাছ থেকে এ নিশ্চয়তাই চান তিনি। ওদিকে ‘অল পাকিস্তান মুসলিম লিগ’ এর সূত্র জানিয়েছে, রোববার পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র করাচিতে একটি সমাবেশে ভিডিও’র মাধ্যমে পূর্ব নির্ধারিত ভাষণ দেবেন পারভেজ মুশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৮ঘ.