২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থন আদায়ে ল্যাটিন আমেরিকা সফরে আহমাদিনেজাদ

ল্যাটিন আমেরিকার বামপন্থী নেতাদের সমর্থন পেতে ওই অঞ্চলের দেশগুলোতে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের তেল শিল্পের ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তিনি এ পদক্ষেপ নিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

তেহরান, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ল্যাটিন আমেরিকার বামপন্থী নেতাদের সমর্থন পেতে ওই অঞ্চলের দেশগুলোতে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের তেল শিল্পের ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তিনি এ পদক্ষেপ নিলেন। রোববার আহমাদিনেজাদ ভেনেজুয়েলায় যাচ্ছেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। বিশ্বের জ্বালানি তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেকের সূত্রে ইরান-ভেনেজুয়েলা ঘনিষ্ঠ মিত্র। ভেনেজুয়েলা থেকে আহমাদিনেজাদ কিউবা এবং তারপর ইকুয়েডর যাবেন। তিনি নিকারাগুয়ার পুনঃনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট দ্যানিয়েল ওর্তেগার অভিষেক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্র বিরোধী ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আহমাদিনেজাদের এ সফরকে ‘বন্ধুত্বের জন্য মরিয়া প্রচেষ্টা’ বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সতর্ক করে বলেন, “আমরা বিশ্বের দেশগুলোকে পরিষ্কারভাবে জানাতে চাই যে, নিরাপত্তা সূত্রে মিত্রতা কি অর্থনৈতিক মিত্রতা, চলমান সময়টি ইরানের সঙ্গে কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপযুক্ত সময় নয়।” “প্রচন্ড চাপে পড়ে ইরান দিশেহারা হয়ে সারা বিশ্বে নতুন বন্ধু খুঁজে বেড়াচ্ছে,” বলেন তিনি। গত ৩১ ডিসেম্বর ইরানের ওপর নতুন কঠোর নিষেদাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওই নিষেজ্ঞার কারণে ইরান থেকে তেল কেনা কঠিন হয়ে পড়বে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও চলতি মাসের শেষ নাগাদ ইরানি তেল আমদানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের বির্তর্কিত পরমাণু প্রকল্প বন্ধ করতে বাধ্য করার জন্যই পশ্চিমা দেশগুলো ইরানের ওপর নতুন করে কঠোর অবরোধ আরোপ করছে। পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। ইরান ওই অভিযোগ প্রত্যাখান করে তাদের পরমাণু কর্মসূচির লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন বলে দাবি করেছে। এর মধ্যেই ইরানের অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে। আগামী মার্চে পার্লামেন্ট নির্বাচন নিয়ে চাপে থাকলেও আন্তর্জাতিক চাপ সামাল দিতে আহমাদিনেজাদকে বন্ধুভাবাপন্ন দেশগুলোতে সফরে যেতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/