২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সত্তরেও যে রহস্যের থই পাননি হকিং

বর্তমান বিশ্বের অন্যতম খ্যাতিমান বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ৭০তম জন্মদিন রোববার। আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল কিছু প্রশ্নের সমাধান করেছেন এই কালজয়ী বিজ্ঞানী। অথচ তিনিই জানালেন তার কাছে ‘নারী’ পুরোপুরিই রহস্যময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

লন্ডন, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল কিছু প্রশ্নের উত্তর দিয়ে ইতোমধ্যে যিনি কালজয়ী বিজ্ঞানীদের কাতারে নাম লিখিয়েছেন, সেই স্টিফেন হকিংয়ের ৭০তম জন্মদিন রোববার। জন্মদিনের ঠিক আগে তিনি জানালেন, আজো তিনি যে রহস্যের উন্মোচন করতে পারেননি, তা হলো ‘নারী’। ১৯৪২ সালের ৮ জানুয়ারি তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ডক্টর ফ্রাঙ্ক হকিং ও ইসাবেল হকিংয়ের জ্যেষ্ঠ সন্তান স্টিফেন হকিং। রোববার যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘থিওরিটিক্যাল কসমোলজি’ সেন্টারে হকিংয়ের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য এই বিশেষ গবেষণা প্রতিষ্ঠানটি তৈরি করা হয়। স্টিফেন হকিং প্রতিষ্ঠনটির গবেষণা প্রধান । জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয় “মহাবিশ্বের অবস্থা”। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি বিশ্বসৃষ্টিতত্ত্ব ও কোয়ান্টাম মহাকর্ষ নিয়ে তার কাজের জন্য বিখ্যাত। বিশেষ করে ‘ব্ল্যাক হোল’ বা ‘কৃষ্ণগহ্বর’ সংক্রান্ত গবেষণার কিংবদন্তী তিনি। তিনি কৃষ্ণগহ্বর বিকিরণের মতো বিস্ময়কর আবিষ্কারের জনক। তার সম্মানে ওই বিকিরণকে হকিং বিকিরণ নাম দেওয়া হয়েছে। ১৯৭৯ সাল থেকে ২০০৯ সালের ১ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ৩০ বছর তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ‘লুকেসিয়ান অধ্যাপক’ ছিলেন। স্যার আইজ্যাক নিউটনও ক্যামব্রিজের লুকেসিয়ান অধ্যাপক ছিলেন। আধুনিক পদার্থবিজ্ঞানের বিশ্বছবি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি ‘ব্রিফ হিস্টরি অব টাইম’ নামের প্রবল জনপ্রিয় বইসহ বেশ কয়েকটি বই রচনা করেছেন। ‘ব্রিফ হিস্টরি অব টাইম’ প্রকাশের পর ২৩৭ সপ্তাহ ধরে যুক্তরাজ্যের বিক্রির তালিকায় শীর্ষে ছিলো। তিনি দীঘদিন ধরে দূরারোগ্য ‘মটর নিউরন’ রোগে ভুগছেন। চলাচলে অক্ষম পক্ষাঘাতগ্রস্থ হকিং হুইল চেয়ারে চলাফেরা করেন। স¤প্রতি ৭০তম জন্মদিন উপলক্ষে নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিন তার একটি সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম জটিল রহস্যের সমাধানকারী বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয় কি নিয়ে তিনি সবচেয়ে বেশি চিন্তা করেন। “নারী,” উত্তর দিয়েছেন তিনি। “নারীরা পুরোপুরি রহস্যময়,” জীবনের এই পর্যায়ে এসে উত্তর দিলেন বিজ্ঞানী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৪ ঘ.