২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক ব্যয় কমানোর ঘোষণা ওবামার

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার ব্যয় কমাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিরক্ষা ব্যয় কমানোর এই ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ওয়াশিংটন, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার ব্যয় কমাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিরক্ষা ব্যয় কমানোর এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত নতুন প্রতিরক্ষা কৌশলে মার্কিন বাহিনী থেকে সেনা কমানোর কথাও বলা হয়েছে। সেইসঙ্গে এশিয়াতে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ইরাক ও আফগানিস্তানের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’র সময় যুক্তরাষ্ট্রের এই বিশাল সেনাবাহিনী গড়ে তোলা হয়। এছাড়া নতুন কৌশলে সাইবার যুদ্ধ ও ড্রোন বাড়ানো হবে বলে জানানো হয়েছে। পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সঙ্গে এ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “লড়াই শেষ হয়ে যাচ্ছে। তবে গত দশকের দীর্ঘ যুদ্ধের পর আমাদের কি ধরনের সেনাবাহিনী প্রয়োজন এ কৌশল সে প্রশ্নেরই উত্তর।” বিবিসির খবরে বলা হয়েছে, নতুন কৌশলে আগামী দশকে পেন্টাগনের ব্যয় ৪শ’ ৫০ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া এ বছর শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটও ৫শ’ বিলিয়ন মার্কিন ডলার কমানো হবে। ওবামা সাংবাদিকদের বলেন, “হ্যাঁ আমাদের সেনাবাহিনীর আকার ছোট করা হবে। তবে যেকোনো পরিস্থিতি ও হুমকি মোকাবেলায় সশস্ত্র সেনাসহ আমাদের সেনাবাহিনী আগের মতোই উদ্যমী ও বিনম্রভাবে পুরোদমে প্রস্তুত থাকবে।” তবে সেনাবাহিনী থেকে কি পরিমাণ সেনা কমানো এবং কোন অস্ত্র কর্মসূচিগুলো বাদ দেয়া হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। আগামী মাসে কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে ওই বিষয়গুলো উপস্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২১ ঘ.