নিউ ইয়র্ক, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই ঘণ্টার মধ্যে মসজিদ-মন্দিরসহ চারটি স্থানে হাতবোমা (মলোটোভ ককটেল) হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় রোববার রাতে এ হামলায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে তদন্ত শুরু করে নিউ ইয়র্ক পুলিশ বলেছে, দুর্বৃত্তদের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন এই হামলার নিন্দা জানিয়েছে।
পুলিশ জানায়, নিউ ইয়র্ক সময় রোববার রাত ৮টার দিকে প্রথম মলোটোভ ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয় কুইন্সের ১৭৯-৪০ হিলসাইড এভিনিউয়ে মুসলিম মালিকানাধীন একটি দোকানে। এতে দোকানের কাউন্টারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দ্বিতীয় হাতবোমাটি ছোড়া হয় কাছাকাছি আরেকটি বাড়িতে। বাসিন্দারা নিরাপদে বের হয়ে এলেও আগুনে বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বলে পুলিশ জানায়।
তৃতীয় হাতবোমার লক্ষ্য ছিল ৮৯-৮৯ ভ্যানউইক এক্সপ্রেসে শিয়া সম্প্রদায়ের মসজিদ ও ইসলামিক সেন্টার। হামলার সময় ভেতরে শতাধিক মুসল্লী এশার নামাজ পড়ছিলেন।
নিউইয়র্কের শিয়া সম্প্রদায়ের পরিচালিত এ মসজিদের সঙ্গে একটি ইসলামিক স্কুলও আছে। তবে হামলায় মসজিদের তেমন কোনো ক্ষতি হয়নি।
সর্বশেষ ককটেলটি ছোড়া হয় ৮৮-২০ ১৭০ স্ট্রিটের একটি বাসায়। বাসাটি হিন্দু স¤প্রদায়ের উপাসনার কাজে ব্যবহৃত হয়।
নিউইয়র্ক পুলিশের সন্দেহ, ধর্মীয় বিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলাকারীর সম্ভাব্য একটি স্কেচ প্রকাশ করে পুলিশ জানিয়েছে, ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাকে ধরিয়ে দিতে ১২ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। অবশ্য হামলার ২৪ ঘণ্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এই হামলার নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তারে সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন।
নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, “দুর্বৃত্ত যে বা যারাই হোক, তাদের ধরা হবে। এই অপকর্মের জন্য তাদের বিচারের সম্মুখীন হতে হবে। নিউইয়র্ক সিটি সব ধর্ম-বর্ণ এবং গোত্রের মানুষের নিরাপদ আশ্রয়। এ ঐতিহ্যকে আমরা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।”
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টায়) ইসলামিক সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে নিউইয়র্কের ধর্মীয় নেতৃবৃন্দ। সেখানে খ্রিস্টান, হিন্দু, ইহুদি এবং মুসলিম ধর্মীয় নেতা, নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং পুলিশ কমিশনার রেমন্ড ক্যালিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/জেকে/১১০৫ ঘ.
bdnews24