ভ্যাটিক্যান সিটি, ০১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নববর্ষের বার্তায় অতীতের সহিংস শোকাবহ ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নতুন প্রজন্মকে ‘ন্যায়পরায়ণতা ও শান্তি’ শিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় রোববার নতুন বছরের শুভেচ্ছা বক্তব্যে পোপ বলেন, মানবতা এখন চ্যালেঞ্জের মুখোমুখি।
নববর্ষের দিনটিকে ‘বিশ্ব শান্তি দিবস’ অভিহিত করেছে রোমান ক্যাথলিক চার্চ। দিনটিকে উদযাপন করতে চার্চটিতে কয়েক হাজার লোক সমবেত হয়।
পোপ বলেন, “এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে, তরুণরা ন্যায়পরায়ণতা ও শান্তির শিক্ষায় শিক্ষিত হোক।”
তিনি বলেন, বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ ও অন্যান্য সংঘর্ষের পর সব প্রজন্মেরই এখন এ লক্ষ্যে কাজ করে যাওয়া উচিত।
ধর্মব্যাখ্যানে পোপ আরো বলেন, তরুণ প্রজন্মকে “সত্যশিক্ষা, মৌলিক মূল্যবোধ ও নীতি, ভবিষ্যতের দিকে আশাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার” শিক্ষায় শিক্ষিত করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৬ঘ.
bdnews24