বৈরুত, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার গণঅভ্যূত্থানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণ পরিকল্পনায় একমত হয়েছে দুটি শীর্ষ রাজনৈতিক দল।
সিরিয়ার নির্বাসিত প্রধান রাজনৈতিক দল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) ও সিরিয়াভিত্তিক ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি (এনসিসি) শুক্রবার নতুন গণতান্ত্রিক পরিকল্পনায় চুক্তিবদ্ধ হয় বলে জানিয়েছেন এসএনসি’র উর্ধ্বতন সদস্য মোলহেম দ্রোবি।
আগামী মাসে এক সম্মেলনে অপর বিরোধী দলগুলোর কাছে এ পরিকল্পনা প্রকাশ করা হবে বলে রয়টার্স জানিয়েছে।
তবে এসএনসি সিরিয়ার বিষয়ে বিদেশি হস্তক্ষেপের যে আহ্বান জানিয়েছে তাতে এনসিসি রাজি হয়নি।
এ চুক্তিতে দুই দলই ‘দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক সামরিক কোনো হস্তক্ষেপের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তবে আরব লিগের হস্তক্ষেপকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে না’।
শীর্ষ এ রাজনৈতিক দল দুটি এক বছর মেয়াদী এ পরিকল্পনা প্রণয়ন করেছে যা প্রয়োজনে নবায়ন করা হবে। আর এ সময়ের মধ্যে সিরিয়ায় সংবিধান প্রণয়ন করা হবে যা গণতান্ত্রিক, বহুদলীয় একটি সুশীল রাষ্ট্রের সংসদীয় ব্যবস্থা নিশ্চিত করবে।
নতুন এ সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেবে এবং সাম্প্রদায়িকতাকে নিন্দা জানাবে।
ওদিকে, আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতির মধ্যেই শুক্রবার সিরিয়ায় সরকার বাহিনীর হাতে ২৭ জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে। আর শনিবার চার জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানায় তারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার লাখ লাখ আন্দোলনকারী সিরিয়াজুড়ে সরকার বিরোধী আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারীরা পর্যবেক্ষকদের সামনে আন্দোলনের ব্যপকতা তুলে ধরতে বিক্ষোভ ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫৯ঘ.
bdnews24