২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার রাস্তান শহরে ট্যাংক হামলা চলছে

পক্ষত্যাগকারী সিরীয় সেনাদের আশ্রয় নেওয়া রাস্তান শহরে দুদিন ব্যাপী ট্যাংক থেকে গোলাবর্ষণ করছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ছয়মাস ধরে চলা আন্দোলনে যোগ দেয়া বিদ্রোহী সেনাদের সঙ্গে সরকারী বাহিনীর এটিই প্রথম বড় ধরনের লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

আম্মান, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পক্ষত্যাগকারী সিরীয় সেনাদের আশ্রয় নেওয়া রাস্তান শহরে দুদিন ব্যাপী ট্যাংক থেকে গোলাবর্ষণ করছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ছয়মাস ধরে চলা আন্দোলনে যোগ দেয়া বিদ্রোহী সেনাদের সঙ্গে সরকারী বাহিনীর এটিই প্রথম বড় ধরনের লড়াই। সিরিয়ার মধ্যাঞ্চলের রাস্তান শহরটিতে প্রায় এক হাজার পক্ষত্যাগকারী সেনা এবং সশস্ত্র গ্রামবাসী মিলে সেনাবাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করছে। শহরটির দখল নিতে সেনাবাহিনী ট্যাংক ও হেলিকপ্টার ব্যাবহার করছে। রাস্তানের এক অধিবাসী স্যাটেলাইট ফোনে রয়টার্সকে জানান, "আসাদ অনুগত সেনারা রাস্তানের দক্ষিণাংশে ক্ষুদ্র একটি অংশ দখল করে নিয়েছে, কিন্তু প্রতিপক্ষের পাল্টা আঘাতে সেনাবাহিনীর তিনটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।" যুদ্ধ কবলিত রাস্তান শহরটি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে। গুরুত্বপূর্ণ অরনটেস নদী তীরের এ শহরটি সমাদৃত কৃষিকেন্দ্র। শহরটির ওই বাসিন্দা আরো জানান, "ট্যাংকের গোলায় শহরের বিভিন্ন এলাকায় অনেকগুলো ভবনে আগুন ধরে গেছে। সেগুলো এখন জ্বলছে।" তবে এ ঘটনা সম্পর্কে সিরিয়া সরকারের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে দেশটির সরকার সেনাবাহিনীর কোন সদস্যের পক্ষ ত্যাগের কথা অস্বীকার করে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য "বিদেশি হস্তক্ষেপের" অভিযোগ করেছে। প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার মাসখানেক পর সেনাবাহিনীর কিছু সদস্য বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে সেনাবাহিনী ত্যাগ করে। পরে তারা আসাদ বিরোধী বিদ্রোহী সেনা ইউনিট গঠন করে। পক্ষত্যাগকারী এ সেনাদের সঠিক সংখ্যা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৩ঘ.