এডেন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাড়িবহরে বোমা হামলা থেকে বেঁচে গেছেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আলি।
দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী গাড়ি বহরের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হয়। তবে মন্ত্রী অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন শহরটির স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা।
তিনি জানান, দূর নিয়ন্ত্রকের মাধ্যমে বিস্ফোরক ভর্তি গাড়িটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে গাড়িবহরের প্রথম গাড়িতে থাকা ৭ সেনা আহত হয়। মন্ত্রী ছিলেন দ্বিতীয় গাড়িতে।
রাজধানী সানায় বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর সমর্থকদের সংঘর্ষ বাড়তে থাকায় সহিংসতা বাড়ছে।
চলতি বছর জুনে প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে গোলা হামলা থেকে বেঁচে গেলেও গুরুতর আহত হন আলী আবদুল্লাহ সালেহ। সৌদি আরবে চিকিৎসা শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৬ঘ.
bdnews24