সান্তিয়াগো, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্যুৎ বিপর্যয়ে রাজধানী সান্তিয়াগোসহ দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিশাল এলাকা শনিবার রাতে কয়েক ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যায়। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশটির প্রায় ৯০ শতাংশ মানুষ।
আকস্মিক ওই বিপর্যয়ে এক বছর আগের ভূমিকম্পের কথা মনে করে আবারো তা আঘাত হানছে বলে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ।
উচ্চ ভোল্টেজের একটি ট্রান্সফরমার অকেজো হয়ে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে। বিশ্বের সর্বাধিক তামা উৎপাদনকারী দেশ চিলির অনেকগুলো তামা খনিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। বেশ কয়েকটির উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় এক কোটি মানুষ এর শিকার হয়।
কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টায় এ বিপর্যয় দেখা দেয়। দুই ঘণ্টা পর সান্তিয়াগোর ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
চিলির জ্বালানিমন্ত্রী রদ্রিগেজ আলভারেজ বলেন, "দেশের বিভিন্ন অংশে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছি।"
২০১০ সালের ২৭ ফেব্র"য়ারি চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫২৫ জন নিহত হয়। তাতে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষতি কাটিয়ে উঠতে এখনো লড়ছে কর্তৃপক্ষ।
ক্লদিয়া মোরালেস নামে সান্তিয়াগোর এক অধিবাসী বলেন, "সবাই চিৎকার করে বলতে থাকে, আবারো ভূমিকম্প আঘাত হানছে। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৪৩১ ঘ.
bdnews24