ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী আন্তর্জাতিক চারটি পক্ষ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এ লক্ষ্যে তারা একমাসের মধ্যে শান্তি আলোচনা শুরু করার জন্য ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
চার পক্ষের এক যৌথ বিবৃতিতে বলা হয়, "আলোচনা চালিয়ে নেওয়া ও একটি চুক্তিতে পৌছানোর লক্ষ্যে এক মাসের মধ্যে বিবদমান পক্ষগুলোর মধ্যে একটি প্রস্ততিমূলক আলোচনা শুরু হওয়া উচিত।"
বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেশের মর্যাদা দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আবেদনের পর চার পক্ষ এ আহ্বান জানায়।
২০১০ সালে অধিকৃত পশ্চিমতীরে ইহুদি বসতি স¤প্রসারণের প্রতিবাদে আলোচনা থেকে ফিলিস্তিন সরে আসলে ফিলিস্তিন-ইসরায়েল সরাসরি আলোচনা বন্ধ হয়ে যায় ।
জাতিসংঘে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ফিলিস্তিন- ইসরায়েল দ্বন্দ্বের মূল কারণ ইহুদি বসতি স¤প্রসারণ নয় বরং ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিতে ফিলিস্তিনের অস্বীকৃতিই এই দ্বন্দ্বের মূলে।
চারটি পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আলোচনা শেষ করে একটি সমঝোতায় পৌঁছার ব্যাপারে শর্তারোপ করা হয়।
বলা হয়, "আলোচনায় ওই দুপক্ষকে এই প্রতিশ্র"তি দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করে তারা একটি সিদ্ধান্তে পৌঁছবেন এবং সময়ের এই সীমা কোনভাবেই ২০১২ সাল অতিক্রম করবে না।"
এরপর ফিলিস্তিন ও ইসরায়েলকে "তিনমাসের মধ্যে রাষ্ট্রসীমা ও নিরাপত্তার ব্যাপারে বিস্তারিত প্রস্তাব" তৈরি করতে হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
বাকী অন্যান্য বিষয়গুলোর মীমাংসা করার জন্য "উপযুক্ত সময়ে" মস্কোয় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে বলে প্রস্তাবে তারা জানান।
তাদের প্রস্তাব ফিলিস্তিনি এবং ইসরায়েলি নেতারা পর্যলোচনা করে দেখছেন বলে জানান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এ চারটি পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪২ ঘ.
bdnews24