ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিংকে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এই শিল্পীর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
৭০ বছর বয়সী 'গজল সম্রাট' দীর্ঘদিন ধরেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। লীলাবতী হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অজিত মেনন এই শিল্পীর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পাওয়া এই শিল্পী গত চার দশক ধরে একাধারে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায় গান শুনিয়ে আসছেন উপমহাদেশের শ্রোতাদের। তার স্ত্রী চিত্রা সিংও একজন বিখ্যাত শিল্পী।
বলা হয়, চিত্রাকে সঙ্গে নিয়ে ভারতে গজলের পুনর্জাগরণ সৃষ্টি করেছেন জগজিৎ। আর এই জুটির আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ভারতের বিভিন্ন দাতব্য সংস্থার কাজে।
বাংলাদেশে এসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান গেয়ে এ দেশের শ্রেতাদেরও মুগ্ধ করেছেন গজল সম্রাট। তার কণ্ঠে 'আজ কিছু হতে চলেছে', 'বেদনা মধুর হয়ে যায়', 'বেশি কিছু আশা করা ভুল', 'নদিতে তুফান এলে', 'তোমার চুল বাঁধা দেখতে দেখতে'র মতো নরম সুরের বাংলা গানগুলো ভক্তমনে এক বিশেষ স্থান দখল করে আছে।
শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে আরেক প্রখ্যাত শিল্পী ওস্তাদ গুলাম আলীর সঙ্গে এক মঞ্চে গজল পরিবেশন করার কথা ছিল জগজিৎ সিংয়ের।
এই অনুষ্ঠান সামনে রেখে জগজিৎ বলেছিলেন, "তার মতো (গুলাম আলী) একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে একমঞ্চে সংগীত পরিবেশন করা সৌভাগ্যের ব্যাপার। সেই সুযোগ তৈরি করে দেওয়ায় আয়োজকদের আমি ধন্যবাদ জানাই।"
তবে তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০২২০ ঘ.
bdnews24