নিউইয়র্ক/ইস্ট অব সির্তে, লিবিয়া, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ১০ দিনের মধ্যে লিবিয়ায় নতুন সরকার ঘোষণা করার আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল।
মুয়াম্মার গাদ্দাফিকে হটানোর কয়েক সপ্তাহ পর বিপর্যস্ত লিবিয়ায় জিব্রিলের এ আশাবাদে রাজনৈতিক অগ্রগতির সম্ভাবনা জেগে উঠেছে।
লিবিয়ার নতুন শাসক গোষ্ঠী মঙ্গলবার ওয়াশিংটন, আফ্রিকান ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকার সমর্থন পেয়েছে এবং জাতিসংঘে প্রথমবারের মত তাদের নতুন পতাকা উড়েছে।
জিব্রিল বলেন, "আমি আশা করছি আগামী সপ্তাহে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে সরকার ঘোষণা করা হবে।"
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিএইট সম্মেলন শেষে জিব্রিল একথা বলেন। কয়েকটি আরব রাষ্ট্র গণতন্ত্রের সবজাগরণের পর তাদেরকে সহযোগিতা করা নিয়ে আলোচনা করতে জিএইট সম্মেলন আয়োজন করা হয়।
জিব্রিল বলেন, "জাতীয় ঐকমত্যে পৌঁছতে যে সময় লাগছে তাতে আমি বিরক্ত নই।"
লিবিয়ায় এর আগে নতুন মন্ত্রিসভা গঠনের আলোচনা মতানৈক্যের কারণে ভেঙে গেছে। এনটিসির ঘাঁটি এখনো পর্যন্ত পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতেই। তারা দেশকে একতাবদ্ধ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে।
লিবিয়ায় কয়েকটি শহরে এখনো গাদ্দাফি অনুগতদের সঙ্গে লড়ে যেতে হচ্ছে এনটিসি বাহিনীকে। ফলে নতুন সংবিধান রচনা এবং নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে ভাবার অবকাশই তারা এখনো পায়নি।
জিব্রিল বলেছেন, এ মুহূর্তে অন্তর্বর্তী নেতারা নতুন সরকারে মন্ত্রীর সংখ্যা নিয়ে আলোচনা চালাচ্ছেন। তারা ত্রিপোলিতে থাকবেন নাকি পূর্ব ও পশ্চিম লিবিয়ায় ভাগ ভাগ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও চলছে বিতর্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24