২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের সঙ্গে বৈঠকে বসছেন ওবামা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

জাতিসংঘ, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বৈঠকে আব্বাসকে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পূর্ণ জাতিসংঘ সদস্যপদ পাওয়ার দাবি ছেড়ে দিতে অনুরোধ জানাবেন তিনি। নিউ ইয়র্কে এ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সন্ধ্যা ৬ টায় হোয়াইট হাউসে বৈঠকে বসবেন আব্বাস-ওবামা। একইদিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওবামার। উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস সাংবাদিকদের বলেন, "ইসরায়েল এবং ফিলিস্তিনের সঙ্গে আলাপ করে প্রেসিডেন্ট সরাসরি একথা বলতে পারবেন যে, কেনো আমরা জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার পদক্ষেপকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বলে মনে করি না।" আব্বাস শুক্রবারই জাতিসংঘ মহাসচিব বান কিমুনের কাছে পূর্ণ জাতিসংঘ পদের জন্য আবেদন করার সিদ্ধান্তে অটল রয়েছেন। এ পদক্ষেপকে অল্প সময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথে এগুনোর একমাত্র পথ হিসাবেই দেখছে ফিলিস্তিনিরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, কেবলমাত্র সরাসরি আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে। কিন্তু আব্বাস সোমবার বানকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভে শুক্রবার নিরাপত্তা পরিষদের ভোটের জন্য চাপ দেবেন তিনি। ইউরোপ ওয়ান বেতারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে বলেছেন, কূটনীতিকরা এ সংকট কাটানোয় এখনো আশাবাদী। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সরাসরি আলোচনার মধ্য দিয়েই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষপাতি পশ্চিমা দেশগুলো। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে আব্বাস বলেন, "যুক্তরাষ্ট্র, ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে 'দ্বিপক্ষীয় সংলাপ' এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। যে সংলাপ দূর থেকে তদারক করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ধরনের সংলাপ এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আর তাই জাতিসংঘ সদস্যপদের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হয়েছে।" "আর এখন আমরা এ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে চারদিক থেকে ঘোর আপত্তির মুখে পড়ে গেছি।" বলেন তিনি। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়া ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার বলে মন্তব্য করেছেন আব্বাস। তিনি বলেন, "আমরা আমাদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নের অনুরোধ করতে জাতিসংঘে যাব, আমরা ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার আবেদন জানাব।" আব্বাস জানিয়েছেন, তিনি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতেই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান। ফিলিস্তিনের ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। '৬৭ সালের যুদ্ধে সবগুলো এলাকাই দখল করে ইসরায়েল। ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও গাজার আকাশ ও সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/১৭২৮ঘ.