২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

ভারত, নেপাল ও চীনের তিব্বতে রোববারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। ভূমিধসের নীচে চাপা পড়া জীবিত ও মৃতদের লাশের সন্ধানে উদ্ধারকারীরা মাটি খুঁড়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

গোয়াহাটি, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত, নেপাল ও চীনের তিব্বতে রোববারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। ভূমিধসের নীচে চাপা পড়া জীবিত ও মৃতদের লাশের সন্ধানে উদ্ধারকারীরা মাটি খুঁড়ে উদ্ধারকাজ চালাচ্ছে। ভারতীয় রাজ্য সিকিমের শানগ্রিলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫জনে দাঁড়িয়েছে। ভারতীয় সেনা, পুলিশ বাহিনী এখানে ধসে পড়া মাটির নীচে থেকে আহত ও নিহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়ে গেছে। এরমধ্যে শুধু সিকিমেই মারা গেছে ৬৮ জন। ভারতে মোট নিহতের সংখ্যা ৮০, নেপালে ২০। এছাড়া পশ্চিমবঙ্গ ও বিহার থেকেও নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। বিহারে কমপক্ষে সাতজন ও পশ্চিমবঙ্গে ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু কিছু এলাকা হিমালয়ের অত্যন্ত দুর্গম উচ্চ পার্বত্য এলাকায় হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভূমিকম্প ও ভূমিধসে ওই সব দূর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভারতীয় সেনা বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে দূর্গত এলাকায় উদ্ধারকাজ পরিচালনা ও মানবিক সাহায্য পাঠানোর চেষ্টা করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কিছু পার্বত্য এলাকার রাস্তাঘাট পুনরায় চালু করা হয়েছে এবং বিমান থেকে নিক্ষেপের মাধ্যমে দুটি এলাকায় খাদ্য সামগ্রী ফেলা হয়েছে। ভারত-তিব্বত সীমান্ত পুলিশের মুখপাত্র দিপক পান্ডে জানান, ভূমিকম্পে পর্বতের উপরিভাগ ভঙ্গুর হয়ে গেছে, এখন বৃষ্টি হলেই ওই পর্বতগুলোতে ভূমিধস হচ্ছে, তাই পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিনি জানান, রোববার রাতের পর থেকে তারা চারশও বেশি লোককে উদ্ধার করেছেন। সিকিমের উত্তরে তিব্বত সীমান্তেই ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বিশ্বের বেশ কয়েকটি সর্বোচ্চ পর্বত এ এলাকায়ই অবস্থিত। ভূমিকম্পে হতাহতের প্রকৃত সংখ্যা বের করতে বেশ কয়েকদিন লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় সীমান্ত পুলিশের ধারণা ভূমিকম্পে হতাহতের সংখ্যা ব্যাপক কিছু হবে না। সিকিমের রাজধানী গ্যাংটকে লোকজন রাস্তার পাশে প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। তারা ভূমিকম্পের পরাঘাতের ভয়ে বাড়িয়ে ফিরে যেতে ভয় পাচ্ছে। এদিকে রাত নেমে এলে এ এলাকাগুলোর তাপমাত্রা নেমে গিয়ে আরো অসহনীয় পরিস্থিতি তৈরি করছে। ভূমিকম্পের আগে থেকেই সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছিল। এখনো বৃষ্টি হচেছ। ঘটনাস্থলের নিকটবর্তী দেশ বাংলাদেশ ও ভুটানেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। গত ষাট বছরে হিমালয়ের এ এলাকায় সংঘটিত ভূমিকম্পগুলোর মধ্যে রোববারের ভূমিকম্পটি সবচেয়ে শক্তিশালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫০ঘ.