এথেন্স, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরো বেশি ব্যয় সংকোচন করে সরকারি খাত কাটছাঁট করার জন্য গ্রিসের ওপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
ঋণ সঙ্কট এড়াতে কর বাড়ানো নয় বরং কর সংগ্রহে আরো ভালো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে তারা।
গ্রিস আইএমএফ, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এবং ইউরোপীয় কমিশনের সঙ্গে সংকটকালীন অতিরিক্ত তহবিল নিয়ে আলোচনায় বসার আগ মুহূর্তে এ সতর্কবার্তা এলো।
গ্রিস ইইউ-আইএমএফ ঋণের পরবর্তী ৮ বিলিয়ন ডলার কিস্তি পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ঋণ সংকট কাটিয়ে দেউলিয়াত্ব এড়াতে আগামী মাসের মধ্যে এ অর্থ প্রয়োজন গ্রিসের।
কিন্তু এ অর্থ পেতে গেলে গ্রিসকে কিছু শর্ত মানতে হবে। আর তা হচ্ছে নাটকীয়ভাবে বাজেট ঘাটতি কমানো। গ্রিস চাকরি ছাঁটাই, বেতন কাটছাঁট এবং বেসরকারীকরণের মধ্য দিয়ে ঘাটতি কমানোর পরিকল্পনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০২৯ঘ.
bdnews24