ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে হামলা নিয়ে ওয়াশিংটনের হুঁশিয়ারি ও পাল্টা জবাবের মধ্যে যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তবে সফরের বাতিলের কারণ হিসেবে বন্যাকে দেখিয়েছেন তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিলানির যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান বন্যাকবলিত হওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য তিনি এই সফর বাতিল করেছেন বলে তার কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, "প্রধানমন্ত্রী গিলানি দেশের বন্যা পরিস্থিতির কারণে তার সফর বাতিল করেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী এই সফরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।"
তিনি আরো বলেন, "আগামীকাল থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত অঞ্চলসমূহ পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম তদারকি করবেন।"
মৌসুমী বৃষ্টির কারণে পাকিস্তানে গত মাস থেকে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যায় ২৩০ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি ১২ লাখ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে এবং ৪৫ লাখ একর জমি পানিতে তলিয়ে গেছে।
প্রায় ৩ লাখ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। গত বছরও পাকিস্তানে বন্যা দেখা দেয়। ওই বন্যাকে দেশটির স্মরণকালের ইতিহাসে ভয়াবহতম বলে অভিহিত করা হয়। ওই বন্যায় প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং ১ কোটি ১০ লাখ মানুষ গৃহহারা হয়।
বিগত বন্যায় গৃহহারা প্রায় ৮ লাখ মানুষ এখনো তাদের ঘরে ফিরতে না পেরে অন্যত্র আশ্রয় নিয়ে আছে। এর সাথে এ বছর নতুন করে যোগ হলো আরো ৩ লাখ শরণার্থী।
এর ফলে মারাত্মক প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে বলে ত্রাণ সংস্থাগুলো ইতোমধ্যে হুঁশিয়ারি জানিয়েছে।
স¤প্রতি কাবুলে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ককে সন্দেহ করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ পাকিস্তান তার দেশের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছে না।
কাবুলে হামলার ঘটনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেট্টা বুধবার পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীকে রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানও বৃহস্পতিবার পাল্টা জবাবে জানায়, যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারি পাকিস্তানের সাথে সম্পর্ক ক্ষুণœ করবে।
ধারণা করা হচ্ছে, দুই দেশের মধ্যে এই বাদানুবাদের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে প্রধানমন্ত্রী গিলানি। কিন্তু পরিস্থিতি সাপেক্ষে 'বন্যা ত্রাণ কার্যক্রম' কে সামনে নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/সিআর/১৪২৪ ঘ.
bdnews24