২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাঞ্জানিয়ায় ফেরি ডুবি, নিহত ১৮৭

পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় আটশ'র মতো যাত্রী নিয়ে একটি ফেরি ডুবিতে অন্তত একশ' ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

স্টোন টাউন, জাঞ্জিবার, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় আটশ'র মতো যাত্রী নিয়ে একটি ফেরি ডুবিতে অন্তত একশ' ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাঞ্জানিয়ার আধা- স্বায়ত্ত্বশাসিত জাঞ্জিবার দীপপুঞ্জে স্থানীয় সময় শুক্রবার রাত ১টার দিকে ওই ফেরি ডুবে। সরকারের এক মুখপাত্র বলেছেন, এখন পর্যন্ত ছয়শ' ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ জাঞ্জিবারের প্রধান দ্বীপ উঙ্গুজা থেকে ৪০ কিলোমিটার দূরের পেমবা দ্বীপে যাওয়ার পথে এমভি স্পাইস নামের ফেরিটি ডুবে যায়। ইঞ্জিন অকার্যকর হয়ে সেটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। জাঞ্জিবারের মাজি মোজা হাসপাতালের চিকিৎসক করিম জাম শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "ট্রাকে করে এখনো লাশ আসছে। মৃতের সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা রয়েছে।" ফেরিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধার হওয়া আব্দুল্লাহ সাইদ নামের এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দার এস সালাম থেকে ছাড়ার সময় ফেরিতে অতিরিক্ত যাত্রী উঠানো হয়েছিলো। সেখানে অনেকে ফেরিতে উঠতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই ফেরিতে রমজানের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে থাকা মানুষ ছিলেন। জাঞ্জিবারে যাওয়ার আগে সেটি তাঞ্জানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালামে যাত্রাবিরতি করে। জাঞ্জিবার কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য একটি কেন্দ্র স্থাপন করেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছে। তবে ফেরিটি অতিরিক্ত যাত্রী নিয়ে রাতে ডোবার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৩৯ ঘ.