২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এবার ত্রিভুজ প্রেমের বলি হল বাঘ'

কয়েক মাস ধরে চলা ত্রিভুজ প্রেমের কারণে নারী বাঘের হাতে প্রাণ হারাতে হলো এক পুরুষ বাঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

এল পাসো, টেক্সাস, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক মাস ধরে চলা ত্রিভুজ প্রেমের কারণে নারী বাঘের হাতে প্রাণ হারাতে হলো এক পুরুষ বাঘকে। বৃহস্পতিবার বিস্ময়কর এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পূর্ব টেক্সাসের এল পাসো চিড়িয়াখানায়। শুক্রবার চিড়িয়াখানার মুখপাত্র কারলা মার্টিনেজ একথা জানান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল দিকে সেরি নামের ৩ বছর বয়সী একটি মালয়ান নারী বাঘ ৬ বছর বয়সী ওজোই নামের একটি পুরুষ বাঘের ওপর হামলা চালায়। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে দর্শণার্থীদের জন্য বাঘ প্রদর্শন বন্ধ করে দিয়ে পশু চিকিৎসকদেরকে ডাকা হয়। তারা এসে বাঘটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। চিড়িয়াখানার পরিচালক স্টিভ মার্শাল বলেন, "এ ধরনের দুঃখজনক ঘটনার কথা সচরাচর শোনা যায় না।" মার্শাল জানান, সকালেই বাঘ দুটি একসঙ্গে খেলা করছিল। চিড়িয়াখানার প্রহরীরা বাঘ দু'টিকে পরস্পরের ওপর হামলা চালানোর মতো কোনো ঘটনাও লক্ষ করে নি। গত জুন মাসে সেরি, ওজোই ও ১৫ বছর বয়সী মেলি নামে অপর এক নারী বাঘের মধ্যে ত্রিভুজ প্রেমের ঘটনা সনাক্ত করার কথা জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেসময় এক বিবৃতিতে তারা জানায়, ওজোই দুই নারী বাঘকে পছন্দ করলেও নারী বাঘ দু'টি একে অপরকে পছন্দ করতো না। বরং তারা পরস্পরকে ঈর্ষা করত। ২০০১ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো থেকে এল পাসোতে আনা হয় হয় মেলিকে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের তথ্য অনুযায়ী, মালায়ান বাঘের সংখ্যা দিন দিন কমে আসছে। বর্তমানে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বনে এ প্রজাতির মাত্র ৫শ' বাঘ রয়েছে। প্রজননের মাধ্যমে এ প্রজাতির বাঘকে রক্ষায় আমেরিকান জু এসোসিয়েশনের নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে সেরি ও ওজোইকে অন্য চিড়িয়াখানা থেকে এখানে আনা হয়। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০০ ঘ.