২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি বিস্ফোরণ: কাশ্মিরে সন্দেহভাজন ৩ জন আটক

ভারতের নয়া দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে কাশ্মিরে তিন ব্যক্তিকে আটক করেছে ভারতীয় জাতীয় সংস্থা (আইএনএ)। আটক সন্দেহভাজনদের মধ্যে একটি সাইফার ক্যাফের মালিক ও তার ভাইও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

শ্রীনগর, কাশ্মির, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের নয়া দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে কাশ্মিরে তিন ব্যক্তিকে আটক করেছে ভারতীয় জাতীয় সংস্থা (আইএনএ)। আটক সন্দেহভাজনদের মধ্যে একটি সাইফার ক্যাফের মালিক ও তার ভাইও রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মিরের কিস্তার এলাকার একটি সাইবার ক্যাফের মালিককে আটক করা হয়েছে। বুধবার সকালে এই সাইবার ক্যাফে থেকেই পাকিস্তান ভিত্তিক হরকাত-উল জিহাদ ইসলামি (হুজি) হামলার দায়িত্ব স্বীকার করে ই-মেইল পাঠিয়েছিল বলে জানান তারা। নয়া দিল্লির হাইকোর্টের প্রধান প্রবেশ পথে বুধবার সকালে ব্রিফকেসে লুকিয়ে রাখা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটানো হলে ১২জন নিহত হয়। হামলার পরপরই হুজির পক্ষ থেকে দুটি টেলিভিশন চ্যানেলে পাঠানো ই-মেইল বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করা হয়। পাঠানো বার্তায় হুজি জানায়, ২০০১ সালের পার্লামেন্টে বোমা হামলার জন্য জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড বাতিল না করা হলে এ ধরনের আরো হামলা চালানো হবে। এনআইএ'র ২০ সদস্যের একটি বিশেষ দল বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে। হামলার দায় স্বীকার করে হুজির পাঠানো ই-মেইল বার্তার সত্যতা যাচাই করে তারা কাশ্মিরের ওই সাইবার ক্যাফের খোঁজ পায়। কিস্তারের গ্লোবাল ইন্টারনেট ক্যাফে নামের ওই সাইবার ক্যাফের মালিক মেহমুদ আজিজ ও তার ভাই খালিদ আজিজকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। আটক অপর ব্যক্তির ব্যাপারে কোনো কিছু জানায় নি ভারতীয় নিরাপত্তা কর্র্তৃপক্ষ। এদিকে, হাইকোর্টের বোমা বিস্ফোরণে আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার জন্য ভারতজুড়ে মনমোহন সরকারের তীব্র সমালোচনা হচ্ছে। হামলার পর বাংলাদেশ সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "এটি সন্ত্রাসীদের একটি কাপুরুষোচিত কাজ। তবে আমরা তাদের মোকাবেলা করবো। সন্ত্রাসীদের কোনো চাপের কাছে আমরা হার মানবো না।" ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা যে হতে পারে- সে ব্যাপারে গত জুলাই মাসেই দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছিল। বুধবার লোকসভায় তিনি বলেন, "গোয়েন্দা সংস্থাগুলো প্রতিনিয়ত দিল্লি পুলিশকে তথ্য সরবরাহ করে আসছে। একটি গ্র"পের কাছ থেকে সন্ত্রাসী হামলার হুমকি সম্পর্কে ২০১১ সালের জুলাই মাসে দিল্লি পুলিশকে জানিয়েছিল গোয়েন্দারা।" চলতি বছরের ১৩ জুলাই মুম্বাইয়ের বাণিজ্যিক এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪০ ঘ.