কোয়েটা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে।
পাকিস্তান পুলিশের কর্মকর্তারা জানান, দুজন আত্মঘাতী হামলাকারী কোয়েটায় এক সরকারি ভবনের কাছে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাকে লক্ষ করে বোমা হামলা চালায়।
ঘটনাটি ঘটে আধাসামরিক বাহিনী ফ্রন্ট্রিয়ার কর্পসের বেলুচিস্তান উপপ্রধান ফারুক শেহজাদের সরকারি বাসভবন প্রাঙ্গণে।
ডিআইজি ফারুকের গাড়ি বাসভবনের পার্কিং লটে এসে পার্ক করা মাত্রই অপর একটি গাড়ি ওই প্রাঙ্গণে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় অপর এক হামলাকারী গুলি চালাতে চালাতে ডিআইজির বাসভবনের কাছে এসে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
এতে ঘটনাস্থলেই ফারুকের স্ত্রী নিহত হন এবং ফারুক আহত হন। বিস্ফোরণে ফারুকের সাত দেহরক্ষী নিহত হয়েছে। নিহত অন্যান্যরা বেসামরিক লোক বলে পুলিশ জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করে নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৫ ঘ.
bdnews24