২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির রাজ্য নির্বাচনে ক্ষমতাসীন জোটের পরাজয়

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের ক্ষমতাসীন মধ্যডানপন্থী জোট রোববার জার্মানির এক আঞ্চলিক নির্বাচনে পরাজিত হয়েছে। ওই অঞ্চলের একটি আসন থেকে নির্বাচিত হয়েই জার্মান পার্লামেন্টের সদস্য হয়েছিলেন মেরকেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

বার্লিন, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের ক্ষমতাসীন মধ্যডানপন্থী জোট রোববার জার্মানির এক আঞ্চলিক নির্বাচনে পরাজিত হয়েছে। ওই অঞ্চলের একটি আসন থেকে নির্বাচিত হয়েই জার্মান পার্লামেন্টের সদস্য হয়েছিলেন মেরকেল। জার্মানির বাল্টিক উপকূলীয় দরিদ্রতম মেকলেনবার্গ-ভর্পোমার্ন'র রাজ্য নির্বাচনে এ ভরাডুবির শিকার হয়েছে চ্যান্সেলর মেরকেলের জোট। রাজ্য নির্বাচনের ফলাফলে দেখা যায়, মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমক্রেটিক দল (সিডিইউ) ২৪ শতাংশ ভোট পেয়েছে। ২০০৬ সালের পূর্ববর্তী নির্বাচনে সিডিইউ পেয়েছিল ২৮ দশমিক ৮ শতাংশ ভোট। রাজ্যটির নির্বাচনে সিডিইউ'র এটাই সবচেয়ে খারাপ ফলাফল। ক্ষমতাসীন জোটের অপর শরিক ফ্রি ডেমক্রেটস (এফডিপি) দলের ফলাফলে আরো বিপর্যয় ঘটেছে। তাদের জনসমর্থন ৯ দশমিক ৬ শতাংশ থেকে কমে মাত্র ৩ দশমিক ১ শতাংশে এসে দাঁড়িয়েছে। রাজ্যটিতে বিজয়ী হয়েছে সোস্যাল ডেমক্রেট দল (এসডিপি)। তাদের জনসমর্থন ৩০ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩৬ দশমিক ৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। দলটি মেরকেলের সিডিইউ'র সাথে জোটবদ্ধভাবে মেকলেনবার্গ-ভর্পোমান রাজ্যটি শাসন করছে। চলতি বছর সিডিইউ ও এফডিপি ছয়টি রাজ্য নির্বাচনে পরাজিত হয়েছে। এরমধ্যে হামবুর্গ ও বাদেন-ভুয়ারটেনবার্গ রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল মেরকেলের দল সিডিইউ। আর মাত্র দুই বছর পরেই দেশটিতে জাতীয় নির্বাচন। তার আগে এ ফলাফল উদ্বিগ্ন করে তুলেছে ক্ষমতাসীন জোটের নেতাদের। মেকলেনবার্গ-ভর্পোমান রাজ্যটিতে বামপন্থী প্রার্থীরা ১৭ শতাংশ ও গ্রিন পার্টির প্রার্থীরা প্রথমবারের মতো ৮ দশমিক ৪ শতাংশ জনসমর্থন পেয়েছে। জাপানের পরমাণু দুর্ঘটনার কারণে পুরো জার্মানিতেই গ্রিন পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। মেকলেনবার্গ-ভর্পোমান রাজ্যে তারা এই প্রথমবার কোন আসনে বিজয়ী হলো। এ বিজয়ের মাধ্যমে প্রথমবারের মতো জার্মানির ১৬ টি রাজ্যের প্রত্যেকটিতেই আসন পেল তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬০০ ঘ.