ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাগ্রহণ শেষে মঙ্গলবার দিল্লিতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
তবে তিনি ফিরে আসলেও ঠিক কবে থেকে কাজে যোগ দেবেন তা নিশ্চিত নয়। ভারতীয় পার্লামেন্টের চলতি অধিবেশন ৮ সেপ্টেম্বর শেষ হবে। এর মধ্যে পার্লামেন্টের কোনো অধিবেশনে তিনি অংশ নেবেন কি না তাও নিশ্চিত নয় বলে কংগ্রেসের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে।
কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর প্রেসিডেন্ট সোনিয়া চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। সেখানে তার দেহে সফল অস্ত্রোপচার হয়। তবে তার শারীরিক সমস্যা বা চিকিৎসার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারে নি কংগ্রেস।
বিভিন্ন সংবাদ জানিয়েছে, সোনিয়া নিউ ইয়র্কের দ্য স্লোঅ্যানে-ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিয়েছেন। তবে এ খবরও কংগ্রেসের মুখপাত্র নিশ্চিত করেননি।
সোনিয়া গান্ধীর অনুপস্থিতিজনিত অভাব দলে বেশ ভালভাবেই অনুভূত হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দলীয় বেশ কয়েকজন নেতা প্রকাশ্যেই এ কথা বলেছেন।
কংগ্রেসের অনেকেই বিশ্বাস করেন, সোনিয়া দেশে অবস্থান করলে স¤প্রতি ১২ দিন অনশনকারী আনা হাজারের বিষয়টি অন্যভাবে নিষ্পত্তি হতো। ৭৪ বছর বয়সী দুর্নীতির বিরুদ্ধে অনশনকারী ওই গান্ধীবাদী সমাজকর্মীকে মোকাবিলা করতে কংগ্রেস ধারাবাহিকভাবে ভুল পদক্ষেপ গ্রহণ করেছে।
আনাকে প্রথমে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয়। এ ঘটনায় ভারতের হাজার হাজার মানুষ ক্ষিপ্ত হয়। বিক্ষুব্ধ মানুষ ভারতের বিভিন্ন স্থানে আনার পক্ষে মিছিল করে। এরই জের ধরে দিল্লিতে আনার অনশনস্থলে মানুষের ঢল নামে।
আনার অনশনের কারণে বাধ্য হয়ে পার্লামেন্টে দুর্নীতিবিরোধী লোকপাল বিলে আনার প্রস্তাবগুলো গ্রহণ করার ব্যাপারে সম্মত হয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৭ ঘ.
bdnews24