২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হামায় বাড়ি বাড়ি তল্লাশি

সিরিয়ায় হামা শহরে বুধবার প্রধান দুটো এলাকায় সেনারা বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

আম্মান, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় হামা শহরে বুধবার প্রধান দুটো এলাকায় সেনারা বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী কর্মীদের খুঁজতে চালানো হয়েছে এ তল্লাশি। এর আগে হামায় ১০ দিনের দমনাভিযান শেষে সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলো সিরিয়া কর্তৃপক্ষ। কিন্তু অধিবাসীরা বুধবার হামায় ওই সেনা তল্লাশি হওয়ার খবর জানিয়ে বলেছে, শহরটিতে ট্যাংকও মোতায়েন রয়েছে। হামার পূর্ব দিকের প্রবেশপথে আল হাদিদ সেতুতে মোতায়েন রয়েছে কয়েকটি হালকা ট্যাংক এবং বেশ কিছু সংখ্যক বাস। সেখান থেকে সেনারা পায়ে হেঁটে প্রবেশ করে আল কুসর এবং হামদিয়ায়। সেনাদের চালানো গুলির আওয়াজ শুনতে পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় এক কর্মী। আরেক অধিবাসী জানায়, হামার উত্তরদিকের প্রবেশপথে আল দাহিরিয়া এলাকায় রাতভর এসে জড়ো হয়েছে মেশিগান ভর্তি টয়োটা পিকআপ ট্রাক এবং সেনাভর্তি কয়েকটি বাস। এর আগে ৩১ জুলাই হামায় অবস্থান নিয়েছিলো সেনাবাহিনী। প্রথম দিনের হামলাতেই তারা হত্যা করেছিলো ১৩০ জনকে। ১০ দিন পর আন্তর্জাতিক চাপের মুখে হামা থেকে ট্যাংক সরিয়ে নেওয়ার কথা জানায় সিরিয়া সরকার। এমাসে আবারো শহরটিতে অভিযান শুরু করলো তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১২২৫ঘ.