ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে জড়িত তিন অভিযুক্তের ফাঁসি আট সপ্তাহ পিছিয়ে গেছে। ৯ সেপ্টেম্বর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিলো।
কিন্তু মামলার পুনর্বিচারের জন্য মঙ্গলবার সকালে তাদের ফাঁসি পিছানোর এ নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এনডিটিভি এ খবর দিয়েছে।
তামিল নাড়– প্রদেশের এক কারাগারে তিনজনকে আটক রাখা হয়েছে।
মুরুগান, সান্তান এবং পেরারিভালান নামের এই তিন অভিযুক্তকে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতের রাষ্ট্রপতি এ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আবেদন প্রত্যাখ্যান করেছেন এ বছর ১১ অগাস্টে।
দীর্ঘ ১১ বছর পর এ সিদ্ধান্তের কারণে অভিযুক্তের আইনজীবীরা তা অসাংবিধানিক বলে দাবি করেছেন। তারা বলছেন, সিদ্ধান্ত গ্রহণে এ দীর্ঘসূত্রিতা "অবৈধ এবং অসাংবিধানিক"।
মঙ্গলবার আইনজীবীদের নতুন করে আবেদনের পর মাদ্রাজ হাইকোর্ট জানায়, অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে এ আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বলেছে আদালত।
উল্লেখ্য, ১৯৯১ সালে তামিল টাইগারের এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালিয়ে রাজীব গান্ধীকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে ওই তিনজনকে অভিযুক্ত করা হয়। তিন জনই শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারের সদস্য। মুরুগান ও সান্তান শ্রীলঙ্কার নাগরিক আর পেরারিভালান ভারতীয় তামিল।
২০০৬ সালে তামিল টাইগাররা রাজীব গান্ধীকে হত্যার জন্য দুঃখপ্রকাশ করে।
১৯৯৯ সালেই তিনজনকে মৃত্যুদণ্ড দেয় ভারতের সর্বোচ্চ আদালত। তবে নলিনী শ্রীহরণ নামে এক ভারতীয় তামিল নারী যিনি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নলিনী শ্রীহরণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুরুগানের স্ত্রী।
অভিযুক্ত পেরারিভালানের মা জানিয়েছেন, সে (পেরাভালান) এ অভিযোগ অস্বীকার করেছে। তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
ভারতে মৃত্যুদণ্ডের ঘটনা বিরল। সর্বশেষ ২০০৪ সালে ৪১ বছর বয়সী সাবেক এক নিরাপত্তারক্ষীকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৪৪৩ ঘ.
bdnews24