২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল হয়েছে আইরিন, তবু সতর্ক যুক্তরাষ্ট্র

হারিকেন আইরিন দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়ে স্থলভাগ অতিক্রম করলেও এটি এখনো বিপজ্জনক বলে দেশবাসীকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 06:52 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মিয়ামি, ফ্লোরিডা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হারিকেন আইরিন দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়ে স্থলভাগ অতিক্রম করলেও এটি এখনো বিপজ্জনক বলে দেশবাসীকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে সরতে বাধ্য হওয়া নিউ ইয়র্কের ৩ লাখ মানুষকে পুনরায় ঘরে ফিরতে অনুমতি দেওয়া হয়েছে। আইরিন আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নিউ ইয়র্কসহ সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। সরিয়ে নেওয়া হয় এ সব রাজ্যের ২০ লাখের বেশি মানুষকে। ৩০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, আইরিনের বাতাসের গতি কমে ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) বেগে প্রবাহিত হওয়ায় এটি এখন ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়েছে। ঝড়টি রোববার রাতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিলো। রোববার রাত ১১টার দিকে আইরিনের কেন্দ্র নিউ হ্যাম্পাশায়ারের বার্লিন শহরের ৫০ মাইল উত্তরে অবস্থান করছিলো। স্থানটি কানাডার কুইবেক সিটি থেকে ১০৫ মাইল দক্ষিণে। সোমবার সকালে ঝড়টি কানাডায় আঘাত হানতে পারে বলে জানায় এনএইচসি। প্রেসিডেন্ট ওবামা রোববার রাতে এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে সতর্ক করে বলেন, ঝড়টি কানাডার দিকে এগোলেও এখন বিপদ এখনো কাটেনি। বন্যার ঝুঁকি এখনো রয়েছে। বিদ্যুৎও একটি সমস্যা। আইরিনের কারণে অবকাশ সংক্ষিপ্ত করে শনিবার ওয়াশিংটনে ফিরেই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ওবামা। আইরিনের তাণ্ডবে রোববার বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী নিউ ইয়র্ক। তবে ঝড় অতিক্রমের পর নগরবাসীকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। বাস, ট্রেন চলাচলও ধীরে ধীরে শুরু হচ্ছে। এদিকে আইরিন অতিক্রম করার সময় বন্যা হয়েছে ভারমন্ট রাজ্যে। ক্ষয়ক্ষতি হয়েছে নিউ জার্সিতেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২৫০ ঘ.