২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়া পরিদর্শনে যাবেন আরব লিগের মহাসচিব'

সিরিয়ার সমস্যা সমাধানের লক্ষ্যে আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি দেশটিতে সফর করবেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 04:59 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার সমস্যা সমাধানের লক্ষ্যে আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি দেশটিতে সফর করবেন বলে জানা গেছে। মিশরের রাজধানী কায়রোয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আল আরাবিকে সিরিয়া সফরে পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসি জানায়। আরব পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া সরকারের প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি রাজনৈতিক সংস্কার শুরুর আহ্বান জানিয়েছে। কায়রোস্থ বিবিসির প্রতিনিধি জানান, আরব লিগ দামেস্ক'র ওপর চাপ দেওয়া অব্যাহত রাখলেও সিরিয়ার সদস্যপদ স্থগিত করে নি। এক বিবৃতিতে আরবদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানায়, "জরুরি ভিত্তিতে দামেস্কে একটি মিশন পরিচালনাসহ দেশটির সমস্যা সমাধানে সিরিয়ার নেতৃত্বকে পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়ার জন্য আরব লিগের মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।" সিরিয়ার জনগণের নিরাপত্তার অধিকার এবং তাদের আইনগত রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবির প্রতি সম্মান প্রদর্শনের জন্য সিরিয়া কর্তৃপক্ষের প্রতি ওই বিবৃতিতে আহ্বান জানানো হয়। আরব লিগ দাবি করেছে, সিরিয়ার অবস্থা এ অঞ্চলের পরিস্থিতি জটিল করে তুলেছে। এরআগে সিরিয়ার আন্দোলনকারীরা জানিয়েছে, দেশটির রাজধানীতে সরকারি বাহিনী একটি মসজিদে ঢুকে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এতে আন্দোলনকারীরাসহ মসজিদের ইমামও আহত হয়েছেন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আন্দোলনকারীরা মসজিদের ভেতরে সরকারের পতনের পাশাপাশি প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছে। এসময় সরকারি বাহিনী মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা নির্বিচারে আন্দোলনকারীদের মারধর শুরু করে। আন্দোলনকারীরা এ সময় বইয়ের আলমিরা এবং জুতা রাখার তাক দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালায়। মসজিদের ইমাম ৮০ বছর বয়সী ওসামা আল রিফাই জানান, তাকেও সরকারি বাহিনী মারধর করেছে। চলতি বছরের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত সহিংসতায় ২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। সিরিয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় স্থানীয় আন্দোলনকারী ও কর্মকর্তাদের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫১ ঘ.