ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপীড়নকারী শক্তির হাত থেকে সিরিয়ার বেসামরিক জনগণকে জরুরি ভিত্তিতে রক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত দল। তবে দেশজুড়ে মানবিক সংকট নেই বলেও জানায় তারা।
সিরিয়ায় সফরকারী তদন্ত কমিটির বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
গত মার্চ মাসে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো দেশটিতে সফর করল তারা।
বেশ কয়েক মাস ধরে জাতিসংঘ মিশন সিরিয়ায় দমন-পীড়নের ঘটনা তদন্তে যেতে চাইলেও দেশটি অনুমতি দেয় নি। অবশেষে গত সপ্তাহে সরকার তদন্তকারী দলকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেয়। পাশাপাশি তদন্তকারী দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলেও সরকার অঙ্গীকার করে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, "দেশটিতে মানবিক কোনো সংকট না থাকলেও নিপীড়নকারী শক্তির হাত থেকে দেশটির বেসামরিক লোকজনকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।
"তবে সরকারি কর্মকর্তারা সবসময় উপস্থিত থাকায় সহিংসতার বিষয়ে জাতিসংঘ মিশনের পক্ষে পুরোপুরি ও স্বাধীনভাবে তদন্ত করা সম্ভব হয় নি।"
গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশটির অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়ে। সহিংসতার জন্য 'সশস্ত্র সন্ত্রাসী বাহিনী'কে দায়ী করে সরকার।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, সহিংসতায় ২২শ'রও বেশি মানুষ নিহত হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে সরকারবিরোধী কয়েকহাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এদিকে সহিংসতার খবর প্রকাশে অধিকাংশ বিদেশি সাংবাদিককে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় নি। তাই স্থানীয় কর্মী ও কর্মকর্তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তা যাচাই করা কঠিন হয়ে পড়ে।
এদিকে সিরিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বলে বিবিসি জানিয়েছে।
সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও পতুর্গাল নিয়ে গঠিত একটি গোষ্ঠী এবং রাশিয়া পাল্টাপাল্টি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।
রাশিয়ার প্রস্তাবে দ্রুত সংস্কারের জন্য সিরিয়ার সরকার ও রাজনৈতিক সংলাপে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর যুক্তরাষ্ট্র-ইউরোপ তাদের সম্মিলিত প্রস্তাবে প্রেসিডেন্ট আসাদের সম্পদ জব্দ ও সিরিয়ায় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৮ ঘ.
bdnews24