নয়া দিল্লি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখায় আনা হাজারের প্রশংসা করলেও ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ভারতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনের দাবিতে অনশন করছেন সমাজকর্মী আনা হাজারে।
শুক্রবার লোকসভায় গান্ধী পরিবারের ভবিষ্যৎ কর্ণধার রাহুল দুর্নীতির বিরুদ্ধে দরিদ্র মানুষের ক্ষোভকে প্রকাশ্যে নিয়ে আসায় হাজারের প্রশংসা করে বলেন, "গত কয়েক মাসে আনা মানুষের মনোভাবকে (দুর্নীতির বিরুদ্ধে) এক জায়গায় করতে সহায়তা করেছেন। এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।"
তবে শুধু কঠোর লোকপাল আইনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়, এর জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন উল্লেখ করে রাহুল বলেন, "কেবল একটি লোকপাল আইনই দুর্নীতি রোধ করবে- এ বিষয়ে আমার সন্দেহ আছে।"
একটি স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি দমন কার্যক্রম পরিচালনার প্রস্তাব করে রাহুল বলেন, "চলুন আমরা ইলেকশন কমিশনের মতো একটি সাংবিধানিক কমিটি করার মধ্য দিয়ে লোকপাল বিলকে সুরক্ষা দিই।"
গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান রেখে তিনি বলেন, "আমরা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করবো না। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ ও বি¯তৃত; তবে সমন্বিত ও সুষ্ঠু।"
আনা হাজরেকে সতর্ক করে রাহুল বলেন, গণতন্ত্র থেকে বিচ্যুতি 'ভয়ানক' নজির সৃষ্টি করতে পারে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার পার্লামেন্টে লোকপাল বিল নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি। সরকারপক্ষের প্রস্তাবের প্রেক্ষিতে বিলটি শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় পার্লামেন্টে তোলার কথা রয়েছে।
এদিকে, নয়া দিল্লির রামলীলা ময়দানে গত ১১ দিনের টানা অনশনের পর সাত কেজি ওজন হারানো হাজারে শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে তিনি বলেন, "আমি ব্যক্তিগত কোনো অভিপ্রায় নিয়ে অনশনে বসিনি। লোকপাল বিলে তিনটি ধারার অন্তর্ভুক্তিই কেবল দুর্নীতি রোধ করতে পারে।"
তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, কেন্দ্রে একটি স্বাধীন লোকপাল ইনস্টিটিউশন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি রাজ্যে একই ধরনের স্বাধীন প্রতিষ্ঠান 'লোকাউক্ত' গড়ে তোলা।
দ্বিতীয়ত, কেন্দ্রের লোকপালে বিচারকরা ছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এবং লোকাউক্ততে রাজ্য সরকারের সব কর্মকর্তা-কর্মচারীকে বিচারের আওতায় আনার বিধি রাখতে হবে।
তৃতীয়ত, সরকারি সব বিভাগে সিটিজেন চার্টার রাখা বাধ্যতামূলক করা, যেখানে সরকারি কোনো দপ্তরে কোনো নাগরিকের কোনো কাজের জন্য কত সময় লেগেছে এবং কোন কর্মকর্তা কাজটি করেছেন তার উল্লেখ থাকবে। সিটিজেন চার্টারের লঙ্ঘন হলে শাস্তির বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে এতে।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার হাজারেকে অনশন বন্ধের অনুরোধ জানান।
পার্লামেন্টে হাজারের উদ্দেশে তিনি বলেন, "আমি তার প্রশংসা করছি, তাকে সম্মান জানাচ্ছি। তার জীবন মহামূল্যবান। আর সে কারণেই আমি আনা হাজারাকে অনশন বন্ধের আহ্বান জানাচ্ছি।"
সাদা কোর্তা, টুপি ও মাহাত্মা গান্ধীর আদলে চশমা পরিহিত গান্ধীবাদী এ সমাজকর্মী নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন সরকারকে।
রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি।
সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি। তবে লোকপাল বিলে ওই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে ১১ দিন আগে আবারও অনশন শুরু করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২১০৫ ঘ.
bdnews24