ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় যেকোনো ধরনের সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে সবপক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
দেশটির আত্মগোপনকারী নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মাধ্যমে সংঘটিত অত্যাচার ও হত্যাকাণ্ড বিষয়ক এক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এ আহ্বান জানায়।
একইসঙ্গে তাৎক্ষণিক মানবিক প্রয়োজন মেটানোর লক্ষ্যে জব্দকৃত দেশটির ১শ' ৫০ কোটি মার্কিন ডলারের সম্পদ মুক্ত করতে জাতিসংঘ সম্মত হয়েছে বলে বিবিসি জানায় ।
দেশটির বেশিরভাগ অংশ বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে। তবে রাজধানী ত্রিপোলির কিছু কিছু অংশে এখনও সংঘর্ষ চলছে।
এদিকে গাদ্দাফির নিয়ন্ত্রণে থাকা অল্প কয়েকটি এলাকার মধ্যে অন্যতম আবু সালিম জেলাতেও বৃহস্পতিবার গোলাগুলি হয়েছে। গাদ্দাফির নিজ শহর সিরতের দিকেও এগুচ্ছে বিদ্রোহীরা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, হত্যাকাণ্ড ও নির্যাতন বিষয়ক প্রতিবেদন নিশ্চিত করা কঠিন। তবে লিবিয়ার বর্তমান তদন্ত কমিশন এসব ঘটনা তদন্ত করবে।
রয়টার্সকে তিনি বলেন, "কোনো অপরাধ বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড যেন না ঘটে তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নেতৃত্বদানকারীসহ লিবিয়ায় ক্ষমতায় থাকা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।"
এর আগে জাতিসংঘ জানায়, লিবিয়ায় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত ঘটতে পারে।
চলতি সপ্তাহের শুরুতে দেশটির বিদ্রোহীদের অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) প্রধানও গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তার আহ্বান মেনে না নিলে পদত্যাগের হুমকিও দেন তিনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানিয়েছে, লিবিয়ার উপকূলীয় শহর জাবিয়ায় উভয়পক্ষের মাধ্যমে সংঘটিত নির্যাতনের 'যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ' তাদের কাছে রয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৩ ঘ.
bdnews24