সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে ২ লাখ ৬৬ হাজার আশ্রয়প্রার্থী অবৈধ অভিবাসী হিসাবে বসবাস করছে। এদের বেশির ভাগের আশ্রয়প্রার্থিতার আবেদন নিয়ে হয় কোন সিদ্ধান্ত হয় নি অথবা তারা অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছে। আর এজন্য যুক্তরাজ্য সরকারের প্রতিদিন ব্যয় হচ্ছে ২০ লাখ পাউন্ড।
সম্প্রতি মাইগ্রেশন ওয়াচ এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সংস্থাটির জরিপে বলা হয় ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত লেবার সরকারের আমলে ৬ লাখ ৬০ হাজার মানুষ আশ্রয়ের জন্য আবেদন করে। এদের মধ্যে প্রত্যাখ্যাত একটি অংশ দেশ ছেড়ে চলে যায়। অভিবাসনমন্ত্রী ডামিয়েন গ্রিন আশ্রয়প্রার্থীদের আবেদনের এই অচলাবস্থাকে যুক্তরাজ্যের বোর্ডার কন্ট্রোলের উপর লেবার সরকারে একটি ক্ষত বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, গত বছর আমরা আশ্রয় সংক্রান্ত ব্যয় ১০ কোটি পাউন্ড কমিয়েছি, এবছর আরও কমবে। মাইগ্রেশন ওয়াচের প্রতিবেদনে বলা হয়, লেবার সরকারের মেয়াদকালে আশ্রয়প্রার্থীদের ২লাখ ৪৩ হাজার আবেদনকে মানবিক কারণে অনুমোদন দেয়া হয়েছে। বাকি থাকে ৪ লাখ ১৭ হাজার প্রার্থীর আবেদন। এদের দেশ ত্যাগের কথা।
কিন্তু এরমধ্যে মাত্র ১ লাখ ৫১ হাজার ৫শ' ৪০ জন দেশ ছেড়ে গেছে। এই সংখ্যা প্রত্যাখ্যাতদের মাত্র ৩৬ শতাংশ। অবশিষ্ট আশ্রয়প্রার্থীরা যুক্তরাজ্যেই রয়ে গেছে। তারা এখানে অবৈধভাবে বসবাস করছে অথবা সিদ্ধান্তে জন্য অপেক্ষা করছে।
মাইগ্রেশন ওয়াচের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সাল থেকে ২০১০ সাল মেয়াদে আশ্রয় সংক্রান্ত ব্যয়ের বোঝা ছিল করদাতাদের উপর, অর্থের অংকে তা ৮ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড। হোম অফিসের আর্থিক পরিসংখ্যান ঘেঁটে এই হিসাব পাওয়া গেছে।
সংস্থাটি দাবি করে আইনি ব্যয়সহ সরকারের খরচের বিল আরও এক বছরে ১০ বিলিয়নে পৌঁছবে। মাইগ্রেশন ওয়াচের চেয়ারম্যান স্যার এন্ডু গ্রিন বলেন, যারা প্রকৃত আশ্রয়প্রার্থীদের সুরক্ষার জন্যে সোচ্চার তাদের ভুয়া আশ্রয়প্রার্থীদের বহিষ্কারের ব্যাপারেও কথা বলা উচিত।
লেবার সরকারের ১৩ বছরে আশ্রয়প্রার্থীদের সংখ্যা ক্রমাগত হারে বেড়েছে। শুধু ২০০২ সালেই আশ্রয়ের আবেদন পড়ে ৮৫ হাজার। অবশ্য গত বছর তা কমে এসেছে ২০ হাজারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিআর/১৪০০ ঘ.
bdnews24