২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সবচেয়ে ক্ষমতাধর নারী অ্যাঙ্গেলা ম্যার্কেল'

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বসের বিবেচনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নিউইয়র্ক, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বসের বিবেচনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। বিশ্বের রাজনীতি, ব্যবসা, গণমাধ্যম ও বিনোদন জগতের নেতৃস্থানীয় ক্ষমতাধর শত নারীর একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাদের তালিকায় শীর্ষে রয়েছেন ম্যার্কেল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে তিনি বারাক ওবামার খুব কাছাকাছি চলে এসেছিলেন। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। বুধবার প্রকাশিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছেন ৮ জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং ২৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা। তাদের গড় বয়স ৫৪ এবং সম্মিলিতভাবে তারা ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের নিয়ন্ত্রক। এদের মধ্যে ২২ জন অবিবাহিত। ম্যার্কেলকে বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক ইউরোপের একটি দেশের রাষ্ট্রপ্রধান বলে উল্লেখ করা হয়েছে। হিলারি তার দায়িত্ব পালনের দ্বিতীয় বছরে মধ্যপ্রাচ্য ইস্যু ও উইকিলিকসের তথ্য ফাঁস পরিস্থিতি মোকাবেলায় যোগ্যতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশের প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন রৌসেফ। এছাড়া শীর্ষ তালিকায় রয়েছেন পেপসির প্রধান নির্বাহি কর্মকর্তা ইন্দ্রা নুয়ি এবং ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল সান্ডবার্গ। তালিকার ১১তম অবস্থানে রয়েছেন সঙ্গীতশিল্পী লেডি গাগা এবং ১২তম অবস্থানে রয়েছেন স¤প্রতি নিয়োগপ্রাপ্ত নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক জিল এবরামসন। তালিকায় স্থান পাওয়া নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নারী ২৫ বছর বয়ষ্ক লেডি গাগা এবং সবচেয়ে বেশি বয়স ব্রিটেনের রানী এলিজাবেথের। ৮৫ বছর বয়সী এলিজাবেথ তালিকায় ৪৯তম স্থানে রয়েছেন। ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী তালিকায় ৭ম স্থানে রয়েছেন। রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান না হয়েও একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবেই তিনি ক্ষমতাধর নারীদের তালিকায় প্রথম দিকে স্থান করে নিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বর্তমান তালিয়ায় ৮ম অবস্থানে রয়েছেন। গত বছরের তালিকায় তার অবস্থান ছিল শীর্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩০০ ঘ.