২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় আহত ইয়েমেনি প্রধানমন্ত্রী দেশে ফিরলেন

প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে চালানো বোমা হামলায় আহত ইয়েমেনের প্রধানমন্ত্রী আলি মোহাম্মেদ মেগাবার সৌদি আরবে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

সানা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে চালানো বোমা হামলায় আহত ইয়েমেনের প্রধানমন্ত্রী আলি মোহাম্মেদ মেগাবার সৌদি আরবে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ইয়েমেন সরকারের এক কর্মকর্তা মঙ্গলবার এ সংবাদ দেন। চলতি বছরের জুনে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে হত্যার উদ্দেশ্যে প্রেসিডেন্ট প্রাসাদে চালানো বোমা হামলায় গুরুতর আহত হন সালেহ। ওই হামলায় আরো বেশ কয়েকজন শীষ কর্মকর্তাও আহত হন। তাদের মধ্যে ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মেগাবারও ছিলেন। ওই হামলায় প্রেসিডেন্ট সালেহসহ ইয়েমেন সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মেগাবারই দেশে ফিরে আসা প্রথম ব্যক্তি। মেগাবার মঙ্গলবার সন্ধ্যায় সানায় উপস্থিত হলে কয়েকশ সরকারি কর্মকর্তা ও সমর্থক তাকে স্বাগত জানান। গত ৩ জুলাই প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে নামাজ পড়ে বের হয়ে আসার সময় সালেহকে হত্যার উদ্দেশ্যে রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় প্রেসিডেন্ট সালেহ গুরুতর আহত হন। তার তিনজন দেহরক্ষী ঘটনাস্থলেই মারা যায়। ওই হামলায় প্রধানমন্ত্রী মোহাম্মদ মেগাবারসহ আহত হন স্পিকার, উপ-প্রধানমন্ত্রীসহ আরো অনেকে। প্রেসিডেন্ট সালেহসহ এদের সবাই সৌদি আরবে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে স্পিকার আব্দুল গানি সোমবার মারা গেছেন। আব্দুল গানিকে বুধবার রাজধানী সানায় দাফন করা হবে। ২ কোটি ৩০ লাখ অধিবাসীর দেশ ইয়েমেনে গত জানুয়ারি থেকে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে প্রবল গণআন্দোলন চলছে। প্রসঙ্গত, সৌদি আরবে চিকিৎসাধীন সালেহর অনুপস্থিতিতে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট। সালেহ শিগগিরই দেশে ফিরবেন বলে প্রায়ই জানান দেন অস্থায়ী প্রেসিডেন্ট। এদিকে, ইয়েমেনের দক্ষিণ জিঞ্জিবারে মঙ্গলবার সরকারি সেনাদের ওপর জঙ্গিরা হামলা চালালে চার সেনা নিহত ও ৪০জন আহত হয়। এ ঘটনায় দুজন জঙ্গিও নিহত হয়েছেন বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া, একইদিন উপকূলীয় শহর শাক্রায় জঙ্গিদের হামলায় দুজন আদিবাসী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৩ঘ.