ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির চার দশকের শাসনাবসানে বিদ্রোহী বাহিনী চূড়ান্ত বিজয়ের খুব কাছে পৌঁছে যাওয়ায় তাদের স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ পশ্চিমা দেশের নেতারা।
পশ্চিমা নেতাদের বিচারে, এটা লিবিয়ার জনগণের গণতান্ত্রিক আকাঙ্খার বিজয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "গাদ্দাফি-শাসনামলের সমাপ্তির সন্ধিক্ষণ হয়ে দেখা দিয়েছে আজ রাত। স্বৈরাশাসনের কবল থেকে মুক্ত হতে যাচ্ছে ত্রিপোলি। গাদ্দাফি সরকারের পতনের চিহ্ন দেখা যাচ্ছে। লিবিয়ার জনগণ দেখিয়ে দিয়েছে, আত্মমর্যাদা ও স্বাধীনতার জন্য সংগ্রাম একজন স্বৈরশাসকের লৌহদণ্ডের চেয়ে অনেক শক্তিশালী।"
পশ্চিমা সরকারগুলোর সমর্থন নিয়ে প্রায় ছয় মাস সশস্ত্র লড়াইয়ের পর রোববার রাতে রাজধানী ত্রিপোলিতে প্রবেশ করে বিদ্রোহী বাহিনী। গাদ্দাফির অনুগত বাহিনীকে হঠিয়ে শহরের একটি বড় অংশের দখল নেয় তারা।
অবশ্য এই ঘটনাকে পশ্চিমা রাষ্ট্রগুলোর চালানো 'ধ্বংসযজ্ঞ' হিসেবে উল্লেখ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
তিনি বলেন, "ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের কথিত গণতান্ত্রিক সরকার বোমা মেরে কীভাবে ত্রিপোলিকে ধ্বংস করছে- তা আমরা দেখছি আজ। তারা এটাকেই বৈধ মনে করে।"
লিবিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর সরকার ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন শ্যাভেজ। তবে পশ্চিমা দেশগুলোর বিরোধিতার মুখে তার সে উদ্যোগ ভেস্তে যায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, "ত্রিপোলিতে আমরা যে পরিস্থিতি দেখছি, তাতে এটা স্পষ্ট যে গাদ্দাফির সময় শেষের পথে। তিনি লিবিয়ার জনগণের ওপর নির্মম নির্যাতন করেছেন। মানুষের যাতে আর দুর্ভোগ পোহাতে না হয়- সেজন্য এখন তার সরে যাওয়া উচিত।"
ন্যাটোর সেক্রেটারি জেনারেল অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, "চার দশকের বেশি সময় ধরে গাদ্দাফির শাসনে লিবিয়ার জনগণ নির্যাতিত হয়েছে। এবার নতুন করে শুরু করার একটি সুযোগ এসেছে তাদের সামনে। ভয় নয়, স্বাধীনতা; স্বৈরশাসন নয়, গণতন্ত্র; গুটিকয়েক নয়, বহু মানুষের চাওয়া অনুযায়ী নতুন লিবিয়া প্রতিষ্ঠার সময় এখন।"
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রতিনিধি ক্যাথেরিন অ্যাস্টোন বলেন, "আমরা গাদ্দাফি যুগের শেষ মুহূর্ত দেখছি। আরো রক্তপাত এড়াতে দেরি না করে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি।"
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, গাদ্দাফি সরকারের পতন নিয়ে তার কোনো সন্দেহ নেই।
গাদ্দাফির অনুগত সৈন্যদের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, "ব্যারাকে ফিরে গিয়ে লিবিয়ার বৈধ কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রকাশ করুন।"
ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রানকো ফ্রাত্তিনি বলেন, "সময় পেরিয়ে গেছে। আত্মসমর্পণ ছাড়া তার (গাদ্দাফি) আর কোনো উপায় নেই। গাদ্দাফি এখনো গৃহযুদ্ধ চালিয়ে যাওয়ার ডাক দিলে রক্তপাতের জন্য তাকেই দায়ী থাকতে হবে।"
এদিকে লিবিয়ার 'আগামী' সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়াও।
লিবিয়ায় যৌথ বাহিনীর সামরিক হস্তক্ষেপ চালানোর জন্য গত মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিল তোলা হলে এ দুটি দেশ ভোটদানে বিরত ছিল।
প্রবল গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি লিবিয়ার পাশের দেশ তিউনিসিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট জিনে আবেদিনে বেন আলী দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি ক্ষমতা থেকে সরে দাঁড়ান আরেক প্রতিবেশী দেশ মিশরের তিন দশকের শাসক হোসনি মোবারক।
ওই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো আরব বিশ্বে। ১৫ ফেব্র"য়ারি লিবিয়ায় শুরু হয় দেশটির চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সরকার পতনের আন্দোলন।
বিক্ষোভ দমাতে গাদ্দাফির অনুগত বাহিনীর সহিংসতায় ব্যাপক প্রাণহানির মুখে দেশটির নিরাপত্তা বাহিনীর একাংশ গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহ করে। শুরু হয় গৃহযুদ্ধ।
গাদ্দাফির অনুগত বাহিনীর আক্রমণের মুখে বিদ্রোহী ও বেসামরিক মানুষের প্রাণহানির প্রেক্ষিতে ১৭ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা প্রতিষ্ঠা এবং বেসামরিক নাগরিক রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের একটি বিল পাস হয়।
নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ লিবিয়ায় প্রথম বিমান হামলা চালায় ফরাসি বাহিনী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, ইতালি, কানাডাসহ অনেকগুলো পশ্চিমা দেশ তাদের সঙ্গে যোগ দেয়। লিবিয়ার সামরিক স্থাপনায় চলতে থাকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এক পর্যায়ে হামলার দায়িত্ব নেয় ন্যাটো বাহিনী।
এক দিকে ন্যাটোর বিমান হামলা অন্যদিকে স্থলপথে বিদ্রোহীদের আক্রমণ- এ দুইয়ের আঘাতে ধীরে ধীরে দুর্বল হতে থাকে গাদ্দাফির অনুগত বাহিনীর সামরিক ক্ষমতা। অবশেষে রোববার রাতে তাদের হঠিয়ে ত্রিপোলির রাস্তায় দখল নেয় বিদ্রোহী বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/জেকে/০১৫৯ ঘ.
bdnews24