জাতিসংঘ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে জানিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনকারীদরে বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে সেনাবাহিনী ও পুলিশ।
বুধাবার এক বিবৃতিতে জাতিসংঘ এ কথা জানায়।
বিবৃতিতে জাতিসংঘ জানায়, "বুধবার আসাদেকে ফোন করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ার সরকারী বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের সাম্প্রতিক প্রতিবেদনগুলোর উল্লেখ করেন এবং সিরিয়ায় বেসামরিক লোকজনের বিরুদ্ধে সরকারী বাহিনীগুলোর বাড়াবাড়িরকম শক্তি প্রয়োগের বিষয়ে তাকে সতর্ক করেন। এসময় তিনি লাটাকিয়ার ফিলিস্তিনী শরণার্থী অধ্যুষিত আল রামেল এলাকায় হামলার ব্যাপারেও সতর্ক করেন।"
বিবৃতিতে আরো বলা হয়, "জাতিসংঘ মহাসচিব সব ধরনের সামরিক অভিযান ও গণ গ্রেপ্তার দ্রুত বন্ধ করতে আসাদকে জোরালো আহ্বান জানিয়েছন। জবাবে প্রেসিডেন্ট আসাদ জানান, সামরিক ও পুলিশি অভিযান বন্ধ করা হয়েছে।"
এদিকে, লাটাকিয়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনারা লাটাকিয়ার কয়েকশত নাগরিককে স্থানীয় একটি স্টেডিয়ামে আটক করে রেখেছে।
তারা জানায়, সরকারি বাহিনীগুলো বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অবরুদ্ধ শহরটির কয়েকশত বাসিন্দাকে গ্রেপ্তার করে স্থানীয় একটি স্টেডিয়ামে নিয়ে আটক করে রাখে।
ওদিকে, জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধান নাভি পিল্লাই সিরিয়া সরকারের দমনাভিযানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লংঘন হয়েছে বলে অভিযোগ করেছেন।
পিল্লাই বৃহস্পতিবার সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ১৫ জাতির এক রুদ্ধদ্বার বৈঠকে বক্তৃতা দিবেন। সেখানে তিনি সিরিয়ার আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনাভিযান পর্যলোচনার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতকে প্রস্তাব দিবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৪২২ ঘ.
bdnews24