২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনা হাজারে গ্রেপ্তার ভিডিও

নতুন করে অনশনে বসার আগেই গ্রেপ্তার হয়েছেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারে। তবে দুর্নীতিবিরোধী লড়াই চালিয়ে যেতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 03:54 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নয়া দিল্লি, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে অনশনে বসার আগেই গ্রেপ্তার হয়েছেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারে। তবে দুর্নীতিবিরোধী লড়াই চালিয়ে যেতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নয়া দিল্লিতে আনার নতুন করে আমরণ অনশনে বসার ঘোষণা ছিলো। কিন্তু তার আগেই ময়ূর বিহারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে। অনশন কোনো সমাধান দেবে না- প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ বক্তব্যের পরদিনই গ্রেপ্তার করা হলো ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া আনা হাজারেকে। ৭২ বছর বয়সি এ সমাজকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গ্রেপ্তারের সময় আনার বাড়ির সামনে তার কয়েকশ সমর্থক স্লোগান দিচ্ছিলো, তাদের হাতে ছিলো ভারতের জাতীয় পতাকা। আনা গ্রেপ্তারের সময় সমর্থকদের উদ্দেশে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আপনারা চালিয়ে যান।" আনা হাজারের সঙ্গে মানবাধিকারকর্মী ও ভারতের সাবেক পুলিশপ্রধান কিরন বেদী ও অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ শিশোরিয়াকেও আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর আনাকে দিল্লির সিভিল লাইন্সের সরকারি কর্মকর্তাদের একটি মেসে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের নিয়ে যাওয়া হয় রাজঘাটে গান্ধী মেমোরিয়ালে। টাইমস অব ইন্ডিয়া জানায়, সকালে দিল্লি পুলিশের এক জেষ্ঠ কর্মকর্তা হাজারের বাসায় হাজির হয়ে তাকে বাইরে যেতে বাধা দেন। পুলিশ নিয়ে যাওয়ার আগে গান্ধীবাদী আনা সমর্থকদের বলেন, "আপনারা শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যান।" কিরণ বেদী বলেন, "জরুরি অবস্থার সময়ও ঠিক এমনটাই ঘটেছিলো। দেশে আবারো জরুরি অবস্থা ফিরে এসেছে। এ ধরনের আটক অসংবিধানিক ও অগণতান্ত্রিক।" এর আগে সোমবার নিষেধাজ্ঞা অমান্য করে জয় প্রকাশ নারায়ণ পার্কে ঢোকায় আনা হাজারের ৫০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়। সেখানেই অনশন কর্মসূচি পালন করার কথা ছিলো হাজারের। আনা হাজারেকে গ্রেপ্তারের সমালোচনা করে প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদবানি সাংবাদিকদের বলেছেন, "সরকার যে ভাবে চলছে, তাতে এ ঘটনায় আমি অবাক হইনি। সমস্যা সমাধান না করে প্রতিবাদ ঠেকাতেই ব্যস্ত তারা।" ভারতের কমিউনিস্ট পার্টি-সিপিআই আনাকে গ্রেপ্তারের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে সরকার প্রতিবাদের ভাষাকেই রুদ্ধ করতে চাইছে। এদিকে গ্রেপ্তারের পক্ষে যুক্তি তুলে ধরে আইন প্রতিমন্ত্রী সালমান খুরশিদ সাংবাদিকদের বলেন, "প্রতিবাদ জানানোর অধিকার সবারই রয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে নয়। পরিস্থিতি স্থিতিশীল রাখতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে।" দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এর আগে গত ৯ জুন রাজঘাটের গান্ধী মেমোরিয়ালে একদিনের অনশন করেন হাজারে। রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। তবে সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি, তবে বলেন, লড়াই চলবে। আনার দাবির মুখে সরকার যে আইনের যে খসড়া তৈরি করেছে, তা দুর্বল বলে দাবি করেছেন এ সমাজকর্মী। তাই নতুন করে অনশনে বসতে যাচ্ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১২৪ ঘ.