২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন ক্যামেরন'

যুক্তরাজ্যের অর্ধেকের বেশি নাগরিক মনে করেন দাঙ্গা নিয়ন্ত্রণে যথাযথ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

লন্ডন, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের অর্ধেকের বেশি নাগরিক মনে করেন দাঙ্গা নিয়ন্ত্রণে যথাযথ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের সংবাদপত্র দৈনিক ইন্ডিপেন্ডেন্ট'র পক্ষ থেকে কমরেস ও টেলিগ্রাফের পক্ষ থেকে আইসিএম চালিত এক সমন্বিত জরিপে এ তথ্য প্রকাশ পায়। শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের ৫৪ শতাংশ নাগরিক মনে করেন, দাঙ্গা দমনে সঠিক সময়ে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন ক্যামেরন। উল্লেখ্য, দাঙ্গার সময় ছুটিতে ইটালিতে অবস্থানকারী প্রধানমন্ত্রী ক্যামেরন দাঙ্গা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত দেশে ফেরেন নি। মাত্র ৩০ শতাংশ নাগরিক মনে করেন, দাঙ্গা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ক্যামেরনের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল। এর বিপরীতে ৪৪ শতাংশ মানুষ মনে করে প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছেন। এরমধ্যে কমরেসের জরিপে উঠে আসে, যুক্তরাজ্যের নাগরিকদের মধ্যে মাত্র ৩৬ শতাংশ ক্যামেরনের নেতৃত্বে আস্থা পোষণ করেন। ২০১২ সালে অনুষ্ঠিতব্য লন্ডন অলিম্পিক কোন অঘটন ছাড়াই শেষ হবে, এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন জরিপে অংশগ্রহণকারী অর্ধেক মানুষ। দাঙ্গার শুরুতে পুলিশের নেওয়া পদক্ষেপ অপর্যাপ্ত ছিল বলে মন্তব্য করেছেন ক্যামেরন। প্রধানমন্ত্রীর এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাজ্যের পুলিশ। গত সপ্তাহে যুক্তরাজ্যের শহরগুলোতে চাররাতব্যাপী ব্যাপক দাঙ্গাহাঙ্গামা ও লুটপাটে পাঁচজন নিহত হয়। দাঙ্গার কারণে বিপর্যস্ত লন্ডনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আভাস এরমধ্যেই পাওয়া যাচ্ছে। শুক্রবার জার্মানির এক আইনপ্রণেতা লন্ডনে দাঙ্গা ও লুটপাট চলতে থাকলে ২০১২ সালের অলিম্পিক ভেন্যু লন্ডন থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থা বিবেচনা করার জন্য অলিম্পিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, যুক্তরাজ্যের শহরগুলোতে নজিরবিহীন দাঙ্গা ও লুটপাটের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংঘবদ্ধ দাঙ্গাবাজদের রুখতে যুক্তরাষ্ট্রের পরামর্শ চেয়েছেন। যুক্তরাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার জন্য রাজপথে অপরাধ বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ উইলিয়াম ব্রাটনকে আমন্ত্রণ জানিয়েছে ক্যামেরন সরকার। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস ও বস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম ব্রাটন শহরগুলোর রাজপথে অপরাধ দমনে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র পুলিশের সাবেক প্রধান ও বর্তমানে একটি ব্যক্তিমালিকানাধীন নিরাপত্তা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ক্যামেরন ব্রাটনের সাথে কথা বলেছেন। আসছে শরতে তিনি সংঘবদ্ধ দাঙ্গাবাজ, শহরের রাস্তাগুলোতে দাঙ্গাবাজি ইত্যাদি বিষয়ে মার্কিন অভিজ্ঞতা নিয়ে যুক্তরাজ্যের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং কার্যকরী কৌশল নির্ধারণে নির্দেশনা দিবেন। ব্যক্তিগতভাবেই যুক্তরাজ্যের সরকারকে তিনি সাহায্য করবেন এবং বিনিময়ে কোন অর্থ গ্রহণ করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬০০ ঘ.