আম্মান, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমনপীড়ন বন্ধে দেশটির ওপর আরো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি জানান, আসাদ সরকারের বিরুদ্ধে অন্য দেশগুলোরও তাদের ক্ষমতা ব্যবহার করা প্রয়োজন।
তিনি বলেন, "আসাদকে চাপ দেয়ার জন্য সিরিয়ার তেল ও গ্যাস শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।"
সিরিয়ার বিদ্যুৎ খাতে ভারত ও চীনের বিনিয়োগ থাকায় দেশ দুটি চাপ বাড়াতে পারে বলেও তিনি জানিয়েছেন।
সেইসঙ্গে আসাদ সরকারের কাছে রাশিয়াকে অস্ত্র বিক্রি বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র আসাদকে পদত্যাগের আহ্বান জানাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে হিলারি বলেন, "যুক্তরাষ্ট্র সমন্বিত আন্তর্জাতিক নিন্দার দিকেই দৃষ্টি দিচ্ছে।"
তিনি আরো জানান, অন্য দেশগুলোর সমর্থন ছাড়া সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানাতে পারে না যুক্তরাষ্ট্র।
এর আগে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীদের দমনপীড়ন অভিযানের পরিপ্রেক্ষিতে বুধবার দেশটির প্রধান বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে আরো নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও জানিয়েছে।
বৃহস্পতিবারও হমসে আসাদ বাহিনীর দমনাভিযান চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা দাবি করেছে।
এছাড়া রাজধানী দামেস্ক'র উত্তরাঞ্চলীয় শহর কাসিরেও অভিযান চলেছে। হতাহতের বেশিরভাগই এ শহরের বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছে।
এছাড়া শুক্রবারের ফজরের নামাজের পর নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট আসাদ পরিবারের ৪১ বছরের শাসনের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ কঠোরভাবে দমনের চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার।
এ পর্যন্ত সরকারি দমনাভিযানে ১ হাজার ৭শ' মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫০ ঘ.
bdnews24