আম্মান, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভ দমনাভিযানে ট্যাংক হামলায় রোববার পূর্বাঞ্চলীয় দির আল-জোর শহরে অন্তত ৫০ জন নিহত হয়েছে।
রোববার ভোরের আলো ফোটার আগেই প্রচণ্ড বোমাবর্ষণ শুরু হওয়ার পর দির আল জোর শহরের কয়েকটি এলাকায় অসংখ্য ট্যাংক ও সশস্ত্র যান প্রবেশ করেছে।
অধিবাসীদের ব্যারিকেড ভেঙে শহরের পশ্চিম ও উত্তরের প্রবেশপথ দিয়ে গুলি করতে করতে প্রবেশ করে সেনারা।
দির আল-জোর এর উত্তরে জুবাইলা মার্কেটের মূল চত্বরে ট্যাংক অবস্থান নিচ্ছে বলে জানিয়েছে অধিবাসীরা। শহরটির আল জোরা এলাকায় চলছে গোলা হামলা, মেশিনগানের গুলি।
সিরিয়ার অন্যান্য শহরেও চলছে ট্যাংক হামলা। হোমস এর উত্তরে হোউলা সমতল এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ১৩ জন।
"ঘণ্টায় ঘণ্টায় নিহতের সংখ্যা বরেড়েই চলেছে," দামেস্ক থেকে টেলিফোনে একথা বলেন, 'সিরিয়ান রেভল্যুশনারী কোঅর্ডিনেটিং কমিটি'র সদস্য সুহাইর আল-আতাসি।
কায়রোর মানবাধিকার কর্মী আম্মার আল কুরাবি বলেন, দির আল জোর শহরে শনিবার রাতভর ট্যাংক হামলায় ৪২ জন নিহত হয়েছে। হোউলায় নিহত হয়েছে ১৭ জন। ইদলিব প্রদেশে ৮ জনসহ রাতের এ অভিযানে আরো ২৮ জন নিহত হয়েছে বলেও জানান তিনি।
'সিরিয়ান রেভল্যুশনারি কোঅর্ডিনেটিং ইউনিয়ন' দির আল জোর শহরে নিহতের সংখ্যা ৫০ উল্লেখ করেছে।
সাধারণ মানুষের ওপর সেনা শক্তি ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বান উপেক্ষা করে এ দমনাভিযান চলছে সিরিয়ায়।
আসাদ হামা শহরের দখল নিতে সেনাবাহিনী পাঠানোর এক সপ্তাহ পর দির আল-জোর এ অভিযান শুরু হলো।
আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড নিন্দা সমালোচনার মুখেও প্রেসিডেন্ট আসাদ দেশে সশস্ত্র বিদ্রোহী তৎপরতা দমনের নামে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন।
ওদিকে, ইরাকের সীমান্তবর্তী অঞ্চল কাইমের সুন্নিরা সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমবেদনা ও আনুগত্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভে একাত্মতার বহিঃপ্রকাশ হিসেবে তারা আলবু কামাল শহরে বসবাসরত আত্মীয়দের জন্য সাহায্য পাঠানোর অঙ্গীকার করেছে।
সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ট্যাংক মোতায়েন হওয়ার পর ইরাক অতিরিক্ত পর্যবেক্ষণ টাওয়ার ও ট্রেঞ্চ নির্মাণ করেছে বলে জানিয়েছে ইরাকি সেনারা।
ইরাকি শহর কাইম থেকে কয়েক কিলোমিটারের দূরে অবস্থিত সিরিয়ার শহর আলবু কামাল।
কাইম শহরের ব্যবসায়ী ইমাদ টেলিফোনে রয়টার্সকে বলেন, "সিরীয় সেনারা আলবু কামালের চারপাশ ঘিরে রাখায় এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়ায় আমরা কিছুই করতে পারছি না। পারলে আমি তাদের হয়ে বিক্ষোভ করতাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২২০০ঘ.
bdnews24