ত্রিপোলি/বেনগাজি (লিবিয়া), অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবীয় সরকার দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে খামিসের নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে।
লিবিয়ার বিদ্রোহীরা শুক্রবার দাবি করে, ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছেলে খামিস নিহত হয়েছেন। খামিস লিবিয়ার সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী একটি ইউনিটের কমান্ডার। এই ইউনিটটি গাদ্দাফির সবচেয়ে অনুগত।
খামিস গাদ্দাফির নিহত হওয়ার খবরটি প্রত্যাখ্যান করে লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "খবরটি ভুয়া।" বিদ্রোহীরা তাদের অপকর্ম এবং হত্যাযজ্ঞ আড়াল করতেই কূটচাল চেলে এ খবর রটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিদ্রোহীদের এক মুখপাত্র শুক্রবার বলেন, জ্লিটান শহরে ন্যাটো বিমান হামলায় ৩২ জন নিহত হয়েছে। এর মধ্যে খামিসও আছেন।
ওদিকে, ন্যাটোর একজন কর্মকর্তা খবরটি শুনেছেন বলে জানালেও তা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, "এখনই আমরা কোনোকিছু নিশ্চিত করে বলতে পারছি না। কারণ, মাঠ পর্যায়ে আমাদের লোকজন নেই।"
খামিস গাদ্দাফি লিবিয়ার ৩২তম ব্রিগেডের কমান্ডার। ১০ হাজার সদস্যের ওই ব্রিগেড লিবিয়ার সবচেয়ে দক্ষ সশস্ত্র ইউনিট বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গত বছর গোপন তথ্য ফাঁস করে দেওয়া উইকিলিকসের এক তথ্যে জানা যায়, মার্কিন কূটনীতিক ওয়াশিংটনকে লিখিত বার্তায় জানাচ্ছেন, "খামিসের ব্রিগেড সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত এবং সরকারের সবচেয়ে অনুগত।"
তবে এর আগেও খামিসের মৃত্যুর খবর প্রচার হয়েছিল। চলতি বছরের মার্চে আরব সংবাদমাধ্যমগুলোতে প্রথম খামিসের মৃত্যুর খবর প্রচারিত হয়।
খামিসের ব্রিগেড বর্তমানে জ্লিটান শহরে লড়াই চালিয়ে আসছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাতা এবং রাজধানী ত্রিপোলির মাঝামাঝি জায়গায় শহরটির অবস্থান।
চলতি বছরের শুরুর দিকে ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির এক ছেলে সাঈফ আল আরব নিহত হন। ওই খবর নিশ্চিত করেছিল লিবীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১০ ঘ.
bdnews24