বেনগাজি, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ন্যাটো বিমান হামলায় লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে খামিস নিহত হয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। তবে লিবিয়া সরকার এ খবর অস্বীকার করেছে।
গাদ্দাফির ছোট ছেলে খামিস গাদ্দাফি লিবিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার।
বিদ্রোহীদের এক মুখপাত্র শুক্রবার বলেন, জ্লিটান শহরে ন্যাটো বিমান হামলায় ৩২ জন নিহত হয়েছে। এর মধ্যে খামিসও আছেন।
কিন্তু লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "খবরটি ভুয়া।" বিদ্রোহীরা তাদের অপকর্ম এবং হত্যাযজ্ঞ আড়াল করতেই কুটচাল চেলে এ খবর রটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ওদিকে, ন্যাটোর একজন কর্মকর্তা খবরটি শুনেছেন বলে জানালেও তা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, "এখনই আমরা কোনোকিছু নিশ্চিত করে বলতে পারছি না। কারণ, মাঠ পর্যায়ে আমাদের লোকজন নেই।"
খামিস গাদ্দাফি লিবিয়ার ৩২তম ব্রিগেডের কমান্ডার। জ্লিটান শহরে লড়াই চালিয়ে আসছে এই ব্রিগেড। বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাতা এবং রাজধনী ত্রিপোলির মাঝামাঝি জায়গায় শহরটির অবস্থান।
ত্রিপোলির উপকণ্ঠের প্রতিরক্ষায় এই শহরটিতে অবস্থান নিয়ে আছে গাদ্দাফির অনুগত এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সেনারা।
খামিস গাদ্দাফি নিহতের খবর সত্য হলে ন্যাটোর বিরুদ্ধে প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়া এবং ক্ষমতায় থাকার প্রশ্নে বিপাকে পড়বেন মুয়াম্মার গাদ্দাফি।
এ বছর শুরুর দিকে ন্যাটো বিমান হামলায় গাদ্দাফির আরেক ছেলে সাঈফ আল আরব নিহত হওয়ার কথা জানিয়েছিলো লিবিয়া সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৪ঘ.
bdnews24