২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে সোমালিয়ার দুর্ভিক্ষ

সোমালিয়ার আরো তিনটি নতুন এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে, এতে আগামী দেড় মাসের মধ্যে পুরো দক্ষিণ সোমালিয়া অঞ্চলটিকে দুর্ভিক্ষ পীড়িত এলাকা বলে ঘোষণা করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

মোগাদিশু, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার আরো তিনটি নতুন এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে, এতে আগামী দেড় মাসের মধ্যে পুরো দক্ষিণ সোমালিয়া অঞ্চলটিকে দুর্ভিক্ষ পীড়িত এলাকা বলে ঘোষণা করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সোমালিয়ার খাদ্য নিরাপত্তা ইউনিট বুধবার এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে তারা জানায়, প্রচন্ড খাদ্যাভাব ও মৃত্যুহার বৃদ্ধির মধ্যদিয়ে দক্ষিণ সোমালিয়ার মধ্য শাবেলি অঞ্চলের বালকাদ ও কাদালি জেলায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, এছাড়া মোগাদিশুর শরণার্থিদের মধ্যে এবং আফগয়ি করিডর এলাকায়ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে আরো বলা হয়, "চলতি মানবিক সাড়া অপ্রতুল হয়ে দেখা দিয়েছে, এর একটি কারণ দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলোতে প্রবেশে বাঁধা ও তার ফলে জরুরী ত্রাণ সরবরাহের জন্য অতি উপদ্রুত এলাকাগুলো নির্ধারণের সমস্যা, সেই সঙ্গে তহবিলের অভাব।" এ বছরের ডিসেম্বর নাগাদ দুর্ভিক্ষ অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। গত ৬০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ এ দুর্ভিক্ষে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানয়, দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের এখন জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। দক্ষিণ সোমালিয়ার অধিকাংশ এলাকাই আল শাবাব জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে। গত বছর তারা খাদ্য সহয়তা কর্মসূচী নিষিদ্ধ করে এবং বেশ কয়েকটি সাহায্য সংস্থাকে ওই এলাকা থেকে বের করে দেয়। এতে সংকট আরো ঘনীভূত হয়। গত ১৯ বছরের মধ্যে এবারই প্রথম দেশটিতে দূর্ভিক্ষ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৫৩১ ঘ.